...|...|...

খুলনা

৫ আগস্টে সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই আসামি গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, দুপুর ১:৪২ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬, রাত ৯:০৪
Shares
৫ আগস্টে সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই আসামি গ্রেফতার

চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই সাজাপ্রাপ্ত আসামিকে প্রায় দুই বছর পর গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে জেলার শ্যামনগর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী এবং নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকা থেকে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে রফিকুল ইসলাম গাজীকে গ্রেফতার করা হয়।

মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং রফিকুল ইসলাম অপর একটি চেক ডিজঅনার মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সে সময় সুযোগ বুঝে কারাগার থেকে পালিয়ে যান মোজাম ও রফিকুল। এরপর থেকে তারা নিজ এলাকায় ফিরে আত্মগোপনে ছিলেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে তাদের আদালতে হস্তান্তর করা হবে। কারাগার থেকে পালানো অন্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাতক্ষীরা জেলা কারাগার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ই আগস্টের পর মোট ৮৭ জন বন্দী পালিয়ে যান। এ ঘটনায় ১৫ আগস্ট একটি মামলা করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ৪৬ জন গ্রেফতার হন এবং ৪১ জন পলাতক ছিলেন। 

সর্বশেষ এই দুজনকে গ্রেফতারের মধ্য দিয়ে ৮৭ জন পলাতকের মধ্যে ৪৮ জনকে আইনের আওতায় আনা সম্ভব হলো। বাকি ৩৯ জন আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।