বিদেশি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তিতে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন তৈরির উদ্যোগ নিয়েছে ভারত। উচ্চগতির এই রেলব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে ‘বি৩৫’ নামের নতুন এই ট্রেন।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতের এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালের মধ্যে এই দেশীয় বুলেট ট্রেন তৈরি এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভারতের মুম্বাই-আহমেদাবাদ হাইস্পিড রেল (এমএএইচএসআর) প্রকল্পের গতি বাড়াতে এবং বাজেট বাড়িয়ে ২ লাখ কোটি রুপির বেশি করার অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২০১৫ সালের প্রাথমিক হিসাবের তুলনায় যা প্রায় দ্বিগুণ।
এর পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ২৮০ কিলোমিটার গতির ‘বি২৮’ নামের আরেকটি ট্রেন সেট যৌথভাবে নকশা ও নির্মাণ করছে দেশটির ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) ও বিইএমএল। ট্রেনের নিরাপদ গতি ও দূরত্ব নিয়ন্ত্রণে ‘ভারত ট্রেন কন্ট্রোল সিস্টেম’ (বিটিসিএস) নামে নিজস্ব সিগন্যালিং ব্যবস্থাও তৈরি করছে ভারত।
রেল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই মুম্বাই-আহমেদাবাদ রেলপথটি গুজরাট, মহারাষ্ট্র এবং দাদরা ও নগর হাভেলির ওপর দিয়ে যাবে। এতে মুম্বাই, থানে, সুরাট ও আহমেদাবাদসহ মোট ১২টি স্টেশন থাকবে।
বর্তমানে জাপানি সহায়তায় প্রকল্পটির কাজ চললেও ২০৩০ সালের পর জাপানের নতুন ই১০ সিরিজের প্রযুক্তি ব্যবহারের বিষয়ও ভারত বিবেচনায় রাখছে বলে জানা গেছে।


