ময়মনসিংহের ফুলপুরে মাত্র ১৩৫ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে আট বছরের শিশু সাজিদুর রহমান সাজিদ। সে উপজেলার আমুয়াকান্দা বাজার জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। সাজিদ রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা গ্রামের আনিছুর রহমানের ছেলে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, চলতি বছরের ১ এপ্রিল কোরআন মুখস্থ করা শুরু করে সাজিদ। টানা ১৩৫ দিনের অধ্যবসায় ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে গত ৭ সেপ্টেম্বর পুরো ৩০ পারা হিফজ শেষ করে সে। মাত্র চার মাসের কিছু বেশি সময়ে পুরো কোরআন হিফজ করাকে শিক্ষক ও স্থানীয়রা বিরল কৃতিত্ব বলে মনে করছেন।
সাজিদের এই সাফল্যে মাদ্রাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
শিক্ষকেরা জানান, হিফজ চলাকালীন সাজিদের মনোযোগ ও শেখার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এত অল্প বয়সে তার এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

