ময়মনসিংহের সদর উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে রাজিব ইসলাম (২৫) নামে এক চালককে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুলাই) রাতে শম্ভুগঞ্জ-পরানগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রাজিব ইসলাম ময়মনসিংহ নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতন কান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। তার আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে একদল ছিনতাইকারী রাজিবের অটোরিকশাটি ভাড়া নেয়। তারা শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। অটোরিকশাটি চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন একটি নির্জন এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা রাজিবকে ঘিরে ফেলে। এরপর চালক রাজিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে রাস্তার পাশে ঝোপের মধ্যে লাশ ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলের পেছনে থাকা অন্য একটি অটোরিকশার চালক ও যাত্রীরা এই ঘটনা দেখে চিৎকার শুরু করলে আশপাশের স্থানীয় লোকজন ছুটে আসেন। তবে ততক্ষণে ঘাতক চক্রটি অটোরিকশা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের লক্ষ্যেই চালককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘাতক ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে।
এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল ও কোতোয়ালি মডেল থানার ওসি।


