ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ফরহাদ রাজধানীর রায়েরবাজার এলাকার কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপের’ সক্রিয় সদস্য ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বসিলা ব্রিজসংলগ্ন আরশিনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু সাকিব জানান, ফরহাদ মাছ ও কাপড়ের ব্যবসা করতেন। দুপুরে চুল কাটাতে আরশিনগর এলাকার একটি সেলুনের সামনে গেলে পূর্ব শত্রুতার জেরে সাব্বিরের নেতৃত্বে কালা সোহেল, সাগর, হাবিব ও আরমানসহ কয়েকজন তার ওপর হামলা চালায়।
তিনি বলেন, হামলাকারীরা ফরহাদকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় বাসিন্দা ও বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ফরহাদ ভোলা জেলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামের ফারুক মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আরশিনগর এলাকায় বসবাস করতেন। ছয় ভাই-বোনের মধ্যে তিনি অন্যতম। চার বছর আগে বিয়ে করলেও তার কোনো সন্তান ছিল না।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ‘আরমান শাহরুখ গ্রুপ’ ও ‘পাটালি গ্রুপের’ মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে রায়েরবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
পুলিশ জানায়, কিছুদিন আগে রায়েরবাজার এলাকায় পাটালি গ্রুপের সদস্যরা আরমান শাহরুখ গ্রুপের শাহরুখকে কুপিয়ে আহত করে। পরে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখান থেকে শাহরুখকে গ্রেফতার করে র্যাব ।
পুলিশ আরও জানায়, নিহত ফরহাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগে তিনি কারাগার থেকে জামিনে বের হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


