...|...|...

সারাদেশ

হাসপাতালের পলেস্তারা খসে ৩ রোগী আহত

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৪
Shares
হাসপাতালের পলেস্তারা খসে ৩ রোগী আহত

হাসপাতালের পলেস্তারা খসে ৩ রোগী আহত। ছবি: টাইমস টুডে

চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের একটি অংশের পলেস্তারা খসে পড়ে তিনজন রোগী আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় সার্জারি বিভাগের পুরুষ ওয়ার্ডের একটি অংশের ছাদের পলেস্তারা হঠাৎ খসে পড়লে, এই দুর্ঘটনা ঘটে।

​আহত রোগীরা হলেন- রফিকুল ইসলাম (৭০), আকতার হোসেন (৮০) এবং আবুল খায়ের (৪৫)। তাদের মধ্যে আবুল খায়ের গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে চিকিৎসা সেবা দেন। 

খবর পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান তাৎক্ষণিক ওয়ার্ডটি পরিদর্শন করেন এবং আহত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।

এদিকে এ ঘটনায় পুরুষ ওয়ার্ডের রোগীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং অনেকেই হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন। রোগী ও তাদের স্বজনরা দ্রুত এই ঝুঁকিপূর্ণ অবস্থার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

​হাসপাতাল সূত্রে জানা যায়, ভবনটি পুরোনো হওয়ার কারণে এর আগেও শিশু ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান বলেন, হাসপাতালের ধারণক্ষমতা ২৫০ শয্যা হলেও বর্তমানে সেখানে প্রায় ৬০০ রোগী চিকিৎসাধীন রয়েছে। যা পুরো অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আগেই আবেদন করা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে মেরামতের কাজ করা হচ্ছে বলে জানান তিনি।