...|...|...

বিশ্ব

হরমুজে আইফোন কুড়াতে শত শত ইরানি জেলেদের কাড়াকাড়ি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, দুপুর ২:১৪
Shares
হরমুজে আইফোন কুড়াতে শত শত ইরানি জেলেদের কাড়াকাড়ি

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীর কাছে ডুবে যাওয়া একটি কন্টেইনারবাহী জাহাজ থেকে আইফোন, ফরাসি সুগন্ধি এবং অন্যান্য মূল্যবান পণ্য লুটে নিতে ছোট নৌকা ও স্যালভেজ ভেসেল নিয়ে হুমড়ি খেয়ে পড়েছেন শত শত ইরানি মৎস্যজীবী। ছড়িয়ে পড়া ভিডিওতে আংশিক ডুবে থাকা কন্টেইনার থেকে বাক্স টানাহেঁচড়া করতে দেখা গেছে তাদের।

রবিবার (১৮ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর ‘জিএফএস প্রাইড’ নামের কার্গো জাহাজটি ডুবে যাওয়ার পর ইরানের পারস্য উপসাগরীয় উপকূলের জলসীমায় এই ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আমরা জড়ো হয়ে হরমুজ প্রণালীর দিকে যাচ্ছি। আমরা শুনেছি একটি কন্টেইনার জাহাজ ডুবে গেছে, তাই আমরা আইফোন আর পারফিউম সংগ্রহ করতে যাচ্ছি।

সামাজিক মাধ্যমে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, ছোট নৌকাগুলো আংশিক ডুবে থাকা কন্টেইনারগুলোর মধ্য দিয়ে চলাচল করছে এবং লোকজন পানির নিচ থেকে বাক্সগুলো টেনে তোলার চেষ্টা করছে। এমনকি একটি ছোট নৌকাকে আস্ত একটি শিপিং কন্টেইনার টেনে তোলার জন্য বেশ হিমশিম খেতেও দেখা গেছে।

জাহাজ ডুবির কারণ নিয়ে ভিন্ন দাবি

সিঙ্গাপুরের পতাকাবাহী ‘জিএফএস প্রাইড’ জাহাজটি পরিচালনা করা সংস্থার বরাত দিয়ে জানানো হয়েছে, জাহাজে আগুন লাগার পর এটি ডুবে যায়। তবে এর ২৪ জন ক্রু সদস্যের সবাইকেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস নৌবাহিনী দাবি করেছে যে, জাহাজটি একটি অননুমোদিত ও বিপজ্জনক রুট দিয়ে চলার সময় জলমগ্ন সামুদ্রিক মেইনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। জাহাজটি ডুবে যাওয়ার সময় সেটিতে আড়াই হাজারেরও বেশি কন্টেইনার ছিল।