...|...|...

বিশ্ব

মার্কিন নৌবাহিনী না থাকলে তেলের দাম তিন গুণ হতো: ভ্যান্স

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, দুপুর ১২:০৪
Shares
মার্কিন নৌবাহিনী না থাকলে তেলের দাম তিন গুণ হতো: ভ্যান্স

মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালীতে তেল ও গ্যাস সরবরাহ সচল না রাখলে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম বর্তমানের তুলনায় ‘তিন গুণ বেশি’ হতো বলে মন্তব্য করেছেন মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স। 

রবিবার (১৮ অক্টোবর) সিবিএস টাউন হলে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ভ্যান্স স্বীকার করেছেন যে বর্তমানে পেট্রোলের দাম অনেক বেশি। তবে তিনি আশা প্রকাশ করে বলেন যে, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার যুদ্ধ শেষ হয়ে গেলে তেলের দাম কমে আসতে শুরু করবে।

জ্বালানি তেলের উচ্চমূল্যের জন্য ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং তেল ট্যাংকারগুলোর ওপর হামলাকে দায়ী করে ভ্যান্স বলেন, আমরা আগে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হইনি, যেখানে একটি দেশ বিশ্বের জ্বালানি সরবরাহ সম্পূর্ণভাবে আটকে দেওয়ার চেষ্টা করছে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যদি হরমুজ প্রণালী থেকে তেল ও গ্যাস পরিবহন সচল না রাখত, তবে পেট্রোলের দাম তিন গুণ বেশি হতো। ভ্যান্স বলেন, আমরা যদি কেবল সরে দাঁড়াতাম এবং ইরানিদের হরমুজ প্রণালীর শিপিং বা নৌচলাচল নিয়ন্ত্রণ করতে দিতাম, তবে তার অর্থ দাঁড়াত যে আপনাদের গ্যাসোলিনের জন্য আরও অনেক বেশি দাম পরিশোধ করতে হতো।

তিনি আরও জানান যে, ইরানের পরমাণু কর্মসূচি পুনর্গঠন না করার বিষয়ে একটি যাচাইযোগ্য প্রতিশ্রুতি অর্জনের পাশাপাশি এই প্রণালী খোলা রাখাও যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে অব্যাহত থাকবে।