কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তবে দুর্ঘটনায় তিনি বা তার গাড়িতে থাকা অন্য কেউ আহত হননি। পরে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে গাড়ির ক্ষয়ক্ষতির জন্য তাকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নাটাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেটের শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষে ঢাকায় ফিরছিলেন তাসনুভা তিশা। ভৈরব মেঘনা সেতু পার হয়ে নাটাল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার গাড়িতে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর পিকআপটি ভৈরব ফেরিঘাট সড়কের দিকে চলে যায় বলে অভিযোগ রয়েছে। এতে তাসনুভা তিশার গাড়ির সামনের বাম্পারের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও পিকআপ ভ্যানটি তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। পরে গাড়িটির মালিকপক্ষের প্রতিনিধির সাথে যোগাযোগ করা হয়।
পরবর্তীতে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়। তাসনুভা তিশার গাড়ির ক্ষয়ক্ষতির জন্য পিকআপ মালিকপক্ষ ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়। লিখিত আপসনামার মাধ্যমে ঘটনাটির নিষ্পত্তি করা হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর তাসনুভা তিশা ও তার সাথে থাকা যাত্রীরা প্রায় এক ঘণ্টা ঘটনাস্থলে অবস্থান করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়।
ভৈরব হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মেহেদি হাসান জানান, রাত সাড়ে ১২টার দিকে ৯৯৯-এ কল পাওয়ার আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পিকআপটি আটক করা সম্ভব না হলেও পরে প্রতিনিধির মাধ্যমে মালিকপক্ষের সাথে যোগাযোগ করে সমঝোতার ভিত্তিতে বিষয়টির সমাধান করা হয়।
দুর্ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও অভিনেত্রীর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিপূরণ দেওয়ার পর দুই পক্ষের সমঝোতার মাধ্যমে ঘটনাটির চূড়ান্ত নিষ্পত্তি করা হয়েছে।


