গরুর মাংস খাওয়া নিয়ে অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জির বক্তব্যের পক্ষে অবস্থান নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন কলকাতার অভিনেত্রী তিথি বসু। এক সাক্ষাৎকারে বিশ্বজিতের মন্তব্যকে সমর্থন করে খাদ্যাভ্যাস ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন ‘মা’ ধারাবাহিকের ‘ঝিলিক’ চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশে গিয়ে সেখানকার আতিথেয়তা ও খাবারের প্রশংসা করেন বিশ্বজিৎ চ্যাটার্জি। বিশেষ করে গরুর মাংস ও ইলিশের বিভিন্ন পদের কথা উল্লেখ করেন তিনি। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন এই প্রবীণ অভিনেতা। তাকে নিয়ে ট্রল ও নানা ধরনের মিমও ছড়িয়ে পড়ে।
বিষয়টি নজরে আসার পর বিশ্বজিতের সমর্থনে কথা বলেন তিথি বসু। তার ভাষ্য, বিশ্বজিৎ একজন জ্যেষ্ঠ অভিনেতা এবং ব্যক্তি হিসেবেও ভালো মানুষ। নিজের অভিজ্ঞতা থেকেই তিনি যা সত্য মনে করেছেন, সেটিই বলেছেন। বাংলাদেশে গিয়ে কে কী খাবেন, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিথি।
অভিনেত্রী দাবি করেন, চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের অনেকেই প্রকাশ্যে কিংবা আড়ালে গরুর মাংস খান। নিজের কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তাদের ধারাবাহিকের সেটে কয়েকজন ব্রাহ্মণ শিল্পী ও অভিনেতাকেও গরুর মাংস নিয়ে আলোচনা করতে দেখেছেন।
তিথির আরও দাবি, কলকাতার বিভিন্ন জনপ্রিয় স্থানে যখন গরুর মাংস বিক্রি হতো, তখন সেখানে হিন্দুদেরও যাতায়াত ছিল। ২০১০ সাল পর্যন্ত তিনি জনপ্রিয় কয়েকজন গায়ক ও টেলিভিশন চ্যানেলের কর্মকর্তাদের গরুর মাংস খেতে যাওয়ার ঘটনাও দেখেছেন বলে জানান।
এরপর তিথি বলেন, গরুর মাংস খাওয়ার বিষয়টি অনেকের ক্ষেত্রেই বাস্তবতা। তার দাবি, মুসলিমদের তুলনায় হিন্দুদের মধ্যেও অনেকে গরুর মাংস খান। কেউ প্রকাশ্যে বিষয়টি স্বীকার না করলেও ব্যক্তিগতভাবে খেতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
তিথি আরও বলেন, একজন মানুষের ধর্ম বা খাদ্যাভ্যাস তার নিজস্ব বিষয়। নিজের পছন্দ অন্যের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।
তবে অভিনেত্রীর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে। কেউ কেউ তার খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ এ ধরনের বিষয়ে মন্তব্য করার আগে আরও সতর্ক হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন।


