...|...|...

বিনোদন

ইবাদত ও ধর্মীয় আয়োজনে জন্মদিন উদযাপন চিত্রনায়িকা পপির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৬
Shares
ইবাদত ও ধর্মীয় আয়োজনে জন্মদিন উদযাপন চিত্রনায়িকা পপির

ছবি: সংগৃহীত

জন্মদিনটি এবার একটু ভিন্নভাবেই উদযাপন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর পাশাপাশি নামাজ, মিলাদ ও কোরআন খতমের মতো ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে বিশেষ দিনটি পালন করেছেন তিনি।

জানা গেছে, জন্মদিনের প্রথম প্রহরেই নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া জানান পপি। পরে পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটেন। পারিবারিক আয়োজনে মোট আটটি কেক কাটা হয়। পাশাপাশি পপির জন্মদিন উপলক্ষে একটি মসজিদে মিলাদ এবং এতিমখানায় কোরআন খতমের আয়োজন করা হয়।

জন্মদিনের অনুভূতি প্রকাশ করে পপি গণমাধ্যমকে বলেন, রাত ১২টায় নামাজ আদায় করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পরিবারের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি ধর্মীয় আয়োজনের মাধ্যমে দিন শুরু করতে পেরে ভালো লেগেছে বলেও জানান এই অভিনেত্রী।

বিশেষ এই দিনে প্রয়াত বাবাকেও গভীরভাবে স্মরণ করেছেন পপি। জন্মদিনে বাবাকে খুব মনে পড়ছে বলে জানান তিনি। একই সাথে জন্মদিনে শুভেচ্ছা জানানো চলচ্চিত্রের সহকর্মী, বন্ধু, দর্শক-ভক্ত ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সবার কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন অভিনেত্রী।

দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে অনেকটা আড়ালে রয়েছেন পপি। চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানেও আগের তুলনায় তাকে কম দেখা যায়। এমন পরিস্থিতিতে জন্মদিন উপলক্ষে নিজের অনুভূতি প্রকাশ করায় আবারও আলোচনায় এসেছেন তিনি।

পপির পুরো নাম সাদিকা পারভীন পপি। ১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৫ সালে ‘লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে তার পরিচিতি তৈরি হয়।

১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন পপি। ‘আমার ঘর আমার বেহেস্ত’ তার অভিনীত প্রথম সিনেমা হলেও মুক্তির দিক থেকে ‘কুলি’ তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। সিনেমাটি সফল হওয়ার পর ঢালিউডে দ্রুত নিজের অবস্থান তৈরি করেন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে মান্না, রুবেল, ফেরদৌস, রিয়াজ, শাকিল খান ও শাকিব খানসহ দেশের জনপ্রিয় অনেক অভিনেতার সঙ্গে পর্দা ভাগ করেছেন পপি। বিশেষ করে শাকিল খানের সাথে তার জুটি একসময় দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।