উড়োজাহাজের আকার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা করেছে দেশটির এভিয়েশন প্রতিষ্ঠান ডিউনস এভিয়েশন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে ডিউনস এভিয়েশনের একটি সেসনা সাইটেশন সিজে টু উড়োজাহাজে ভ্রমণ করেন নোরা। সেই যাত্রার সময় বিমানের ভেতরের কয়েকটি দৃশ্য ধারণ করে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন তিনি।
ভিডিওতে উড়োজাহাজটির আকৃতি ছোট খেলনা বিমানের মতো বলে মন্তব্য করেন নোরা। এমনকি সেটিকে ‘লেগো এয়ারপ্লেন’ বলেও উল্লেখ করেন তিনি। পরে নোরার ওই ভিডিও ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ডিউনস এভিয়েশনের নজরে আসে।
কোম্পানিটির দাবি, নোরার মন্তব্য প্রকাশের পর তাদের ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি উড়োজাহাজ বুকিংও ১৫ থেকে ২০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। একই সময়ে ফ্লাইট বাতিলের সংখ্যাও বেড়েছে বলে অভিযোগ তাদের।
এ ঘটনায় আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে নোরা ফাতেহির কাছে ৩ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছে ডিউনস এভিয়েশন। প্রতিষ্ঠানটির দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিও ও মন্তব্যের কারণেই তাদের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
মামলাটি ঘিরে এখন নোরা ফাতেহির মন্তব্য ও এভিয়েশন কোম্পানিটির দাবিকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


