...|...|...

সারাদেশ

স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৬, সকাল ১০:৩৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:২২
Shares
স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী। ছবি : টাইমস টুডে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর, জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। চিকিৎসার মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সেবায় স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

বুধবার (১৭ জুন) সকালে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের আমলে স্বাস্থ্যখাতে নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ অপচয়ের কারণে সেবাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার নতুন হাসপাতাল স্থাপন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ক্রয় এবং জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যখাতকে গতিশীল করার উদ্যোগ নিয়েছে।

পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে তিনি কয়েকটি ত্রুটি চিহ্নিত করেন। এর মধ্যে কিছু চিকিৎসকের দায়িত্ব পালনে সময়ানুবর্তিতার অভাব এবং হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা উল্লেখযোগ্য। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ফলাফল স্থগিত থাকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।

এ ছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম পুরোপুরি চালু এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল করার বিষয়ে আগামী তিন মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিচালক ডা. আব্দুল মন্নান, সিভিল সার্জন ডা. এস. এম. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।