জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য শনিবার (১৭ অক্টোবর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরী আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
শুক্রবার (১৬ অক্টোবর) নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৭টা ৪৫ মিনিট থেকে সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে হড়গ্রাম বাজার, ভেড়ীপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল ও রাজপাড়া সুফিয়ানের মোড় এলাকায়।
এ ছাড়া সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না পীর সাহেবপাড়া, হড়গ্রাম, মুন্সিপাড়া, পালপাড়া, চার খোটার মোড়, হড়গ্রাম নতুনপাড়া ও গুড়িপাড়া এলাকায়।
অন্যদিকে, বেলা ১১টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত দুই ঘণ্টা ১৫ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর কাঁচাবাজার, টিবি হাসপাতাল, রাজশাহী শিক্ষা বোর্ড, রাজশাহী জিপিও, কাজিহাটা, সিএন্ডবির মোড়, সার্কিট হাউজ, কালেক্টর মাঠ, শ্রীরামপুর ও জাজেস কোয়ার্টার এলাকায়।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।


