ছুটির দিন শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে রাজশাহীতে টানা ছয় ঘণ্টা এবং গাইবান্ধায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নেসকোর রাজশাহী ও গোবিন্দগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ (বিবিবি) থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ কেভি লাইনের কাছাকাছি গাছপালা কাটার কাজের জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, ভদ্রা, উপরভদ্রা, সাগরপাড়া, বোষপাড়া, মাছুয়া পাড়া, খুলিপাড়া, শাহ মখদুম কলেজ, শেখেরচক, পঞ্চবটি ও তৎসংলগ্ন এলাকা।
অন্যদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকোর গোবিন্দগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পলাশবাড়ী ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে আসা গোবিন্দগঞ্জ ৩৩ কেভি সোর্স ফিডারের কাছাকাছি গাছের শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে। এ কারণে নেসকোর গোবিন্দগঞ্জ দফতরের আওতাধীন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


