চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকার জাপানি গেটসংলগ্ন স্থানে চুরির চেষ্টার অভিযোগে মোহাম্মদ আজিজুর রহমান (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের আর্মি, বিজিবি ও নেভি হ্যাঙ্গারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আজিজুর রহমান বিমানবন্দরসংলগ্ন নিজাম মার্কেট এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জব্দ করা মালামালসহ তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। পরে চুরির মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।
বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রাতে টহল দেওয়ার সময় আনসার সদস্য সাদাম হোসেন ও এপিসি জাহাঙ্গীর হোসেন সন্দেহভাজন দুই ব্যক্তিকে দেখতে পান। তাদের ধাওয়া করলে দুজনই ঘন জঙ্গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থলে ফেলে যাওয়া বিভিন্ন ধরনের তার ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঘটনাটি জানার পর বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. বাদশা ফয়সালের নেতৃত্বে নিরাপত্তা শাখার সাতজন সদস্য, বাংলাদেশ বিমানবাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্সের পাঁচজন সদস্য এবং আনসার বাহিনীর ১৫ জন সদস্য ঘটনাস্থলে পৌঁছান। পরে সংশ্লিষ্ট প্রকৌশল শাখা ও এরোনেসের কর্মীদের সহযোগিতায় একটি অনুসন্ধান দল গঠন করা হয়।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নূর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এরপর ঘন জঙ্গলে প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে এক সন্দেহভাজনকে আটক করে অনুসন্ধান দল।
এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় মামলা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


