সিরাজগঞ্জ শহরের চরমালশাপাড়া এলাকায় ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করা শিক্ষার্থীদের ঠেকাতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে কয়েকজন শিক্ষার্থীকে সেখানে পাওয়া গেলে তাদের সতর্ক করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে শহরের যমুনা নদীর ক্রসবার-৩ এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
ক্রসবার-৩ সিরাজগঞ্জের অন্যতম দর্শনীয় স্থান। বিস্তীর্ণ এলাকাজুড়ে কাশফুল ফুটে থাকায় এই সময়ে সেখানে দর্শনার্থীদের ভিড় বাড়ে। পরিবার-পরিজন নিয়ে অনেকে ঘুরতে এলেও স্কুল-কলেজের কিছু শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে সেখানে আড্ডা দিচ্ছেন-এমন অভিযোগ পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীদের একটি অংশ সেখানে গিয়ে আড্ডার পাশাপাশি অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ওই এলাকায় আকস্মিক অভিযান চালায়।
অভিযানের সময় কয়েকজন শিক্ষার্থীকে ক্লাসে না গিয়ে কাশবনের এলাকায় ঘোরাঘুরি ও আড্ডা দিতে দেখা যায়। পরে তাদের সতর্ক করে বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান পুলিশের এ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।


