সৌদি আরবের পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ মোট নয়জন নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আল-আহসা গভর্নরেটের আল-আকইর-আল-উয়ুন সড়কে দুটি গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির ‘ইস্টার্ন প্রভিন্স ট্রাফিক সেফটি কাউন্সিল’ জানিয়েছে, দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্য প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন।
সৌদি ট্রাফিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তবে আল-আরাবিয়া টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষের কারণেই দুর্ঘটনাটি ঘটে।
সংঘর্ষের তীব্রতায় গাড়ি দুটির ভেতরে কয়েকজন যাত্রী আটকা পড়েন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারে অভিযান চালায়।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও পরিস্থিতি সম্পর্কে এখন পর্যন্ত অতিরিক্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে গত ৪ জানুয়ারি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ভারতের কেরালা রাজ্যের একই পরিবারের চার সদস্য নিহত হয়েছিলেন। ওমরাহ পালনের জন্য মক্কায় পৌঁছানো ওই পরিবারটি মদিনার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।


