...|...|...

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সৌদি-তুর্কি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে সরকার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, রাত ২:২৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:০০
Shares
সৌদি-তুর্কি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যোগদানের বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের স্বার্থ, অর্থনীতি ও জনগণের জন্য এ চুক্তির সম্ভাব্য সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

শামা ওবায়েদ বলেন, বর্তমান বিশ্ব রাজনীতিতে বিভিন্ন দেশ নিজেদের স্বার্থে নানা ধরনের জোট ও সহযোগিতা কাঠামোর সাথে যুক্ত হচ্ছে। সার্ক, বিমসটেক, ইন্দো-প্যাসিফিক, কোয়াড ও ব্রিকসের মতো বিভিন্ন জোটের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশও যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এর প্রভাব মূল্যায়ন করবে।

তিনি জানান, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক এই প্রতিরক্ষা চুক্তি করেছে। এর মূল লক্ষ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা।

প্রতিমন্ত্রী বলেন, চুক্তির অন্যতম শর্ত হলো—কোনো একটি সদস্য দেশ আক্রান্ত হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এটি শুধু সামরিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের নিরাপত্তার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে। পাশাপাশি আগ্রহী অন্য দেশগুলোর জন্য এতে যোগদানের সুযোগ রাখা হয়েছে।

বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে। তবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্য এবং দেশের জন্য কী ধরনের সুবিধা আসবে, সেটিই হবে সিদ্ধান্তের মূল বিষয়।

শামা ওবায়েদ বলেন, সম্ভাব্য সুবিধার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও কর্মসংস্থানের সুযোগ গুরুত্বপূর্ণ। তুরস্কের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সৌদি আরবের সাথেও দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সৌদি আরবে প্রায় ৪০ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, গত ৭ আগস্ট পবিত্র নগরী মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশ আক্রান্ত হলে তা তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। এ চুক্তিতে মিশরের যোগদানের বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।