সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত দুজনকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, শনাক্ত ব্যক্তিরা আওয়ামী লীগের দুষ্কৃতকারী হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পরই এই ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রায়ের প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ২০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনের সড়কে ককটেল ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতেই এমন প্রতিক্রিয়া দেখা গেছে। সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এটিকে বড় কোনো বিষয় হিসেবে দেখার কারণ নেই।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ আছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। তবে ট্রাইব্যুনালের রায় সম্পর্কে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ে তারা সুবিচার পেয়েছেন বলে সরকার মনে করছে। আদালতের রায়ের বিষয়ে সরকারের কোনো মন্তব্য নেই বলেও জানান তিনি।


