...|...|...

জাতীয়

সাধারণ নাগরিক কী রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারেন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, রাত ১:৫৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:১৫
Shares
সাধারণ নাগরিক কী রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারেন

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণার পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে কে প্রার্থী হতে পারবেন, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে প্রশ্ন উঠছে, কোনো সাধারণ নাগরিক কি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পান?

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি জনগণের ভোট দেওয়ার সুযোগ নেই। সংসদ সদস্যদের ভোটেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে কোনো ব্যক্তি যদি রাষ্ট্রপতি হওয়ার জন্য সংবিধানে নির্ধারিত সব যোগ্যতা পূরণ করেন, তাহলে তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সুযোগ রয়েছে।

রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। একই সঙ্গে তাকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে এবং তার বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে। এছাড়া সংবিধান অনুযায়ী অভিশংসনের মাধ্যমে আগে রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত কেউ পুনরায় এই পদে নির্বাচনের জন্য যোগ্য হবেন না।

রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে একজন প্রার্থীর মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজনকে সমর্থক হতে হয়। পাশাপাশি প্রার্থীর নিজের সম্মতিসূচক স্বাক্ষরও প্রয়োজন।

অর্থাৎ, সাংবিধানিক যোগ্যতা পূরণ করলে সাধারণ নাগরিকের জন্য রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার পথ পুরোপুরি বন্ধ নয়। তবে তাকে সংসদ সদস্যদের সমর্থন পেতে হবে, কারণ রাষ্ট্রপতি নির্বাচন হয় সংসদ সদস্যদের ভোটে।

যদিও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এখন পর্যন্ত সাধারণ নাগরিক থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কোনো উদাহরণ নেই।