রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় সঞ্জিতা ত্রিপুরা (৯) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাজেকের চাইল্যাতলী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলি হয়। এ সময় সঞ্জিতা ত্রিপুরার বাম হাতে গুলি লাগে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় এক শিশুর বাম হাতে গুলি লাগে। পরে শিশুটির হাত থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে সে সুস্থ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এর জেরে মাঝেমধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে গোলাগুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে সংঘাতের মধ্যে একটি শিশু গুলিবিদ্ধ হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


