...|...|...

সারাদেশ

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৩৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২২
Shares
সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করা সিফাত আব্দুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরের গাছা থানা এলাকা থেকে সিফাতকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

পুলিশ জানায়, সিফাত আব্দুল্লাহ (২৫) গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার সিকান্দর আলীর ছেলে। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে সিফাতের বিরুদ্ধে। সর্বশেষ তিনি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করে ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে আটক করা হয়।

ভিডিওতে সিফাত দাবি করেন, তার বাসায় চলতি মাসে ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। অতিরিক্ত বিলের অভিযোগ তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে সিফাতকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে তার রিমান্ড আবেদন করা হতে পারে।