পদত্যাগের গুঞ্জনের মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা পৌনে দুইটার দিকে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে যান তিনি। সেখানে স্পিকারের সাথে কিছুক্ষণ কথা বলার পর সংসদ ভবন থেকে বেরিয়ে যান ফেরদৌসী আহমেদ মিষ্টি।
এ সময় সাংবাদিকরা তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মিষ্টি বলেন, ‘আমি স্পিকারের সাথে কথা বলতে এসেছি, কথা বলেছি।’
পরে তিনি পদত্যাগ করেছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি। দ্রুত সংসদ ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় পদত্যাগের প্রসঙ্গে তিনি বলেন, ‘তদন্ত হোক।’
পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে।’
এদিকে পদত্যাগের বিষয়ে স্পিকারের কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ফেরদৌসী আহমেদ মিষ্টি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।


