...|...|...

বিনোদন

শিল্পকলা একাডেমিতে নজরুল সংগীতের বিশেষ আয়োজন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, সকাল ৯:৪০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৫৩
Shares
শিল্পকলা একাডেমিতে নজরুল সংগীতের বিশেষ আয়োজন

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রাগভিত্তিক শাস্ত্রীয় সংগীতকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে বিশেষ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘বেণুকা- রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় কাজী নজরুল ইসলাম’ শীর্ষক এই আয়োজন।

আয়োজকদের মতে, বাংলা গানের ক্ষেত্রে ধ্রুপদি সংগীতের রাগ-রাগিণী, তাল ও সুরের শাস্ত্রীয় সৌন্দর্যকে নজরুল তার সৃষ্টিকর্মে এক স্বতন্ত্র নান্দনিক ভাষায় রূপায়িত করেছেন। তার রাগভিত্তিক গান কেবল সুরচর্চা নয়- এতে রাগের অবয়বে কবিতার প্রাণ, শাস্ত্রীয়তার অন্তরালে হৃদয়ের আবেগ এবং সুরের গভীরে এক অনন্য মেলবন্ধন লক্ষ করা যায়।

অনুষ্ঠানের প্রথম পর্বে থাকবে একটি আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডাঃ জাহেদ উর রহমান।

আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

আলোচনা পর্ব শেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে সাংস্কৃতিক সন্ধ্যা।

আয়োজকরা প্রত্যাশা করছেন, ছন্দ ও সুরে সাজানো এই নান্দনিক আয়োজন দর্শক-শ্রোতাদের মননে সমৃদ্ধি আনার পাশাপাশি নজরুল সংগীতের রাগভিত্তিক বৈশিষ্ট্যকে নতুন প্রজন্মের কাছে আরও গভীরভাবে পৌঁছে দেবে।