...|...|...

বিশ্ব

শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ৫০০  স্কুল বন্ধ ঘোষণা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, সকাল ১১:২৪
Shares
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ৫০০  স্কুল বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের টানা বিক্ষোভ এবং বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে সোমবার (৫ অক্টোবর) ফ্রান্সজুড়ে ৪০০ থেকে ৫০০টি উচ্চ বিদ্যালয়ে পাঠদান পুরোপুরি অথবা আংশিকভাবে বন্ধ থাকবে। নিরাপত্তা পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী এডুয়ার্ড জেফ্রে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 তিনি জানান, আন্দোলন শুরুর পর থেকে অন্তত ২৪টি স্কুলে অগ্নিসংযোগ বা ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষা বিভাগের কর্মীরাও সহিংসতার শিকার হয়েছেন। এখন পর্যন্ত অন্তত ৭৮ জন শিক্ষা কর্মকর্তা ও কর্মী আহত হয়েছেন।

শিক্ষকের ঘাটতি, অতিরিক্ত শিক্ষার্থীপূর্ণ শ্রেণিকক্ষ, দীর্ঘ স্কুল-সময় এবং জরাজীর্ণ অবকাঠামোর প্রতিবাদে গত ১৭ সেপ্টেম্বর প্যারিস অঞ্চলের একটি স্কুল থেকে আন্দোলনের সূচনা হয়। পরে তা প্যারিস ছাড়িয়ে মঁপেলিয়ে, নঁত, মার্সেইসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

শুক্রবার দেশটির প্রায় ৩ হাজার ৭০০ উচ্চ বিদ্যালয়ের মধ্যে অন্তত ৪০০টি বন্ধ ছিল এবং ৫৬০টি স্কুলে বিক্ষোভ বা কার্যক্রমে বিঘ্ন ঘটে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সোমবারও পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে। তবে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে পাঠদান পুনরায় চালুর চেষ্টা করা হবে।

জেফ্রের অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনে কিছু চরম বামপন্থী কর্মী ঢুকে পড়ে আন্দোলনের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করেছে এবং সহিংসতায় জড়িয়েছে। তাঁর ভাষায়, এসব কর্মকাণ্ড শিক্ষার্থী ও শিক্ষা কর্মী উভয়ের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।

অন্যদিকে বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা চলছে। আন্দোলন শুরুর পর থেকে পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে, যাদের প্রায় ৮৫ শতাংশই অপ্রাপ্তবয়স্ক। শুধু শুক্রবারই ১ হাজার ৭৪৭ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।

সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যথেষ্ট ‘সুনির্দিষ্ট পদক্ষেপ’ নেওয়া হয়নি—এমন অভিযোগ তুলে আন্দোলনের সংগঠকেরা মঙ্গলবার আবারও বড় কর্মসূচির ডাক দিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু শিক্ষার্থীদের দাবি মোকাবিলায় পাঁচটি অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদি শিক্ষক শূন্যপদ দ্রুত পূরণ, স্কুল ভবনের অবস্থা উন্নত করা, পাঠসূচি আরও কার্যকরভাবে সাজানো এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্ল্যাটফর্ম পারকুরসুপকে আরও স্বচ্ছ করা। নিরাপত্তা ও ভবনের অবস্থা অনুকূলে থাকলে সোমবার থেকেই পাঠদান পুনরায় চালুর নির্দেশও দিয়েছেন তিনি।

সরকার বলছে, শিক্ষার্থীদের অভিযোগগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তবে সহিংসতা ও ভাঙচুর ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও অব্যাহত থাকবে।