সিলেটের আধ্যাত্মিক কেন্দ্র হজরত শাহজালালের (রহ.) মাজারে দীর্ঘ ৩৪ দিন পর খোলা দানবাক্সে নগদ টাকা ও বৈচিত্র্যময় সামগ্রীর পাশাপাশি পাওয়া গেছে হেনা নামের এক নারীর আবেগঘন চিরকুট।
শনিবার (১৫ আগস্ট) সকালে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনার সময় সাদা কাগজে হাতে লেখা এই বিশেষ চিরকুটটি পাওয়া যায়। এতে ফুটে উঠেছে এক স্ত্রীর অসহায়ত্ব, সংসারের দুর্দশা এবং সমাজ থেকে মাদক নির্মূলের করুণ আকুতি।
হেনা নামের ওই নারী চিরকুটে লিখেছেন—
‘ইয়া আল্লাহ, আমি তোমার অলির মাজারে আমার মনের কষ্টগুলো ব্যক্ত করেছি। যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও এবং তাদের হেদায়েত করিও। আমার মত কষ্ট যেন কেউ না পায়। তুমি মাদক দ্রব্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও- হেনা।’
মাজার প্রাঙ্গণে যখন প্রকাশ্য উপস্থিতিতে অর্থ গণনা চলছিল, তখন সবার দৃষ্টি কাড়ে কাগজের এই টুকরোটি। উপস্থিত ভক্ত ও প্রত্যক্ষদর্শীরা জানান, হযরত শাহজালাল (রহ.) -এর মাজারে আসা মানুষ কেবল নগদ টাকাই দান করেন না; বরং নিজেদের জীবনের সব জমানো দুঃখ-কষ্ট ও আকুতি মহান সৃষ্টিকর্তার দরবারে পেশ করার অন্যতম আশ্রয়স্থল হিসেবে এই পবিত্র প্রাঙ্গণকে বেছে নেন। হেনা নামের এই নারীর লেখা চিরকুটটি যেন সমাজ ধ্বংসকারী 'মাদক' এবং স্বজনদের কুপথে চালিত করার বিরুদ্ধে এক নীরব কিন্তু শক্তিশালী প্রতিবাদ।
উল্লেখ্য, আজ শনিবার সকাল থেকে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনীতিক, মাজারের মুয়াল্লি ও সাংবাদিকদের উপস্থিতিতে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা সম্পন্ন করা হচ্ছে।


