শত শত বছর ধরে পারদকে স্বর্ণে রূপান্তরের স্বপ্ন দেখে এসেছে মানুষ। এবার সেই ধারণাকে বাস্তবের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক ফিউশন স্টার্টআপ ম্যারাথন ফিউশন। প্রতিষ্ঠানটি বলছে, নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে তৈরি নিউট্রন ব্যবহার করে তারা পরীক্ষামূলকভাবে পারদকে স্বর্ণে রূপান্তর করেছে।
২০২৬ সালের অক্টোবরে এ ঘোষণা আসার পর নতুন করে প্রশ্ন উঠেছে—ভবিষ্যতে ল্যাবে তৈরি স্বর্ণ কি প্রচলিত খনিভিত্তিক স্বর্ণের বাজারকে চ্যালেঞ্জ করতে পারবে?
বিশেষজ্ঞরা বলছেন, বৈজ্ঞানিক দিক থেকে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও বাণিজ্যিকভাবে কার্যকর স্বর্ণ উৎপাদন এখনও অনেক দূরের বিষয়। কারণ পরীক্ষাগারে অল্প পরিমাণ স্বর্ণ তৈরি আর বিশ্ববাজারে হাজার হাজার টন সরবরাহ করা এক বিষয় নয়।
সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভালেচা বলেন, এটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অগ্রগতি। তবে পরীক্ষায় স্বর্ণ তৈরি করা আর খনির বিকল্প হিসেবে বাণিজ্যিকভাবে কার্যকর উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মধ্যে এখনও বড় ব্যবধান রয়েছে।
ল্যাবের হীরা আর ল্যাবের স্বর্ণ এক নয়
ল্যাবে তৈরি হীরা কয়েক দশক ধরেই বাজারে রয়েছে। কারণ হীরা মূলত কার্বন দিয়ে তৈরি। তাই কৃত্রিমভাবে একই ধরনের পরিবেশ সৃষ্টি করে খনিতে পাওয়া হীরার প্রায় সমান রাসায়নিক ও ভৌত বৈশিষ্ট্যের হীরা তৈরি করা সম্ভব।
কিন্তু স্বর্ণ একটি মৌলিক রাসায়নিক উপাদান। সাধারণ শিল্পপ্রক্রিয়ায় এটিকে তৈরি করা যায় না। পারদের মতো অন্য একটি মৌলের নিউক্লিয়াস পরিবর্তন করে পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে স্বর্ণ তৈরি করতে হয়।
ইটোরোর বাজার বিশ্লেষক নাগহাম হাসান বলেন, ল্যাবে তৈরি স্বর্ণও হবে খনিতে পাওয়া স্বর্ণের মতোই ‘গোল্ড-১৯৭’। ফলে ল্যাবে তৈরি হীরার মতো কম দামের আলাদা বিকল্প হিসেবে এটি বাজারে আসবে না।
এখনও ল্যাবে তৈরি স্বর্ণের কোনো প্রতিষ্ঠিত বাজার নেই। এর দাম বা বিনিয়োগমূল্য নির্ধারণও সম্ভব হয়নি।
পাঁচ টন বনাম হাজার হাজার টনের বাজার
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাবে, ২০২৫ সালে বিশ্বে মোট স্বর্ণের সরবরাহ ছিল প্রায় ৫ হাজার ২ টন। এর মধ্যে খনি থেকে উৎপাদিত হয়েছে প্রায় ৩ হাজার ৬৭২ টন এবং পুনর্ব্যবহার থেকে এসেছে প্রায় ১ হাজার ৪০৪ টন।
ম্যারাথন ফিউশনের হিসাব অনুযায়ী, ভবিষ্যতে একটি বাণিজ্যিক ফিউশন বিদ্যুৎকেন্দ্র প্রতি গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার বিপরীতে বছরে প্রায় পাঁচ টন স্বর্ণ উৎপাদন করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, একটি কেন্দ্র থেকে পাঁচ টন স্বর্ণ এলেও তা ২০২৫ সালের বৈশ্বিক সরবরাহের মাত্র শূন্য দশমিক ১ শতাংশ।
তবে যদি এমন ১০০টি কেন্দ্র বছরে পাঁচ টন করে স্বর্ণ উৎপাদন করতে পারে, তাহলে মোট উৎপাদন দাঁড়াবে ৫০০ টন। এটি ২০২৫ সালের বৈশ্বিক মোট সরবরাহের প্রায় ১০ শতাংশ এবং খনি উৎপাদনের প্রায় ১৩ দশমিক ৬ শতাংশের সমান।
কিন্তু এটি এখনও তাত্ত্বিক হিসাব। কারণ বাণিজ্যিক ফিউশন প্রযুক্তি এখনো পুরোপুরি চালু হয়নি।
সবচেয়ে বড় বাধা কোথায়
ল্যাবে স্বর্ণ তৈরির প্রধান বাধা প্রযুক্তি ও খরচ।
প্রথমত, এ প্রযুক্তির জন্য বাণিজ্যিক ফিউশন বিদ্যুৎকেন্দ্র প্রয়োজন, যা এখনও বৃহৎ পরিসরে চালু হয়নি।
দ্বিতীয়ত, এ প্রক্রিয়ার জন্য পারদের নির্দিষ্ট আইসোটোপ ‘মারকারি-১৯৮’ প্রয়োজন। প্রাকৃতিক পারদের মাত্র প্রায় এক-দশমাংশ এই প্রক্রিয়ার উপযোগী। প্রয়োজনীয় আইসোটোপ আলাদা করার প্রযুক্তিও এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে।
তৃতীয়ত, এ প্রক্রিয়ায় তেজস্ক্রিয় উপাদান তৈরি হয়। ম্যারাথন ফিউশনের নিজস্ব মডেল অনুযায়ী, উৎপাদিত উপাদানকে প্রায় ১৪ থেকে ১৮ বছর সংরক্ষণ করতে হতে পারে, যাতে তেজস্ক্রিয়তা কমে আসে।
নাগহাম হাসানের মতে, যদি ২০৩০-এর দশকে কোনো বাণিজ্যিক ফিউশন প্ল্যান্ট চালুও হয়, তাহলে সেখানকার উৎপাদিত স্বর্ণ বাজারে বিক্রির উপযোগী হতে ২০৪০-এর দশকের শেষভাগ পর্যন্ত সময় লাগতে পারে।
দুবাই ও মধ্যপ্রাচ্যে কী প্রভাব পড়তে পারে
মধ্যপ্রাচ্যে স্বর্ণ শুধু বিনিয়োগ নয়, সংস্কৃতি, অলংকার ও আন্তর্জাতিক বাণিজ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। ২০২৫ সালে দুবাইয়ের স্বর্ণ বাণিজ্যের পরিমাণ প্রায় ৬০ শতাংশ বেড়ে প্রায় ১ ট্রিলিয়ন দিরহামে পৌঁছেছিল।
দুবাই ইতোমধ্যে ল্যাবে তৈরি হীরার জন্য আলাদা বাণিজ্যিক কাঠামো তৈরি করেছে। তবে ল্যাবে তৈরি স্বর্ণের ক্ষেত্রে নিয়ন্ত্রক চ্যালেঞ্জ আরও বেশি।
আন্তর্জাতিক ব্যাংক ও এক্সচেঞ্জে গ্রহণযোগ্য হতে স্বর্ণকে সাধারণত অনুমোদিত ‘গুড ডেলিভারি’ রিফাইনারির মান পূরণ করতে হয়। বর্তমানে ল্যাবে তৈরি স্বর্ণের জন্য কোনো স্বীকৃত সার্টিফিকেশন বা এক্সচেঞ্জ কাঠামো নেই।
এ ছাড়া উৎপাদনপ্রক্রিয়ায় তেজস্ক্রিয় উপাদান ব্যবহারের কারণে দূষণ, বিশুদ্ধতা ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন থাকবে।
বিনিয়োগকারীদের জন্য এখনও বড় পরিবর্তন নয়
বিশেষজ্ঞরা বলছেন, আপাতত ল্যাবে তৈরি স্বর্ণের কারণে বিনিয়োগের চিত্র বদলে যাওয়ার সম্ভাবনা কম।
২০২৬ সালের প্রথম ছয় মাসে বিশ্বে স্বর্ণের বার ও কয়েনের চাহিদা ছিল ৭৮৪ টন, যা আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেশি। একই সময়ে স্বর্ণভিত্তিক ইটিএফেও বড় অঙ্কের বিনিয়োগ এসেছে।
বিশ্লেষকদের মতে, এখনো স্বর্ণের দাম নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের ক্রয়, সুদের হারের প্রত্যাশা এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তাই বেশি গুরুত্বপূর্ণ।
ভবিষ্যতে ফিউশন প্রযুক্তি বাণিজ্যিকভাবে সফল হলে এবং বিদ্যুৎ উৎপাদনের পার্শ্বপণ্য হিসেবে স্বর্ণ তৈরি লাভজনক হলে নতুন সরবরাহ উৎস তৈরি হতে পারে।
তবে তার আগে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ—ম্যারাথন ফিউশনের ফল স্বাধীনভাবে যাচাই হওয়া, প্রকৃত উৎপাদন খরচ ও পরিমাণ প্রকাশ, প্রয়োজনীয় পারদের আইসোটোপ আলাদা করার সক্ষমতা, বাণিজ্যিক ফিউশন প্ল্যান্ট চালু হওয়া এবং বড় পরিসরে উৎপাদনের অর্থনৈতিক সম্ভাব্যতা প্রমাণ হওয়া।
ততদিন পর্যন্ত ল্যাবে তৈরি স্বর্ণকে নতুন বিনিয়োগশ্রেণি নয়, বরং একটি উদীয়মান বৈজ্ঞানিক সম্ভাবনা হিসেবেই দেখা হচ্ছে।
সূত্র: ফাস্ট কোম্পানি মিডেল ইস্ট


