ইসরায়েলের টানা তিন বছরের বেশি সময়ের সামরিক অভিযানে এক ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে গাজা উপত্যকা। অঞ্চলটির ৯৯ শতাংশের বেশি এলাকায় বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্রের ব্যাপক ব্যবহারের ফলে পরিবেশদূষণ ভয়াবহ রূপ নিয়েছে। বিষাক্ত হয়ে পড়েছে পানি, মাটি ও বাতাস; চরম হুমকির মুখে পড়েছে ২৩ লাখ ফিলিস্তিনির জীবন এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম এবং কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরির (সিইওবিএস) যৌথ এক প্রতিবেদনে এ ভয়াবহ চিত্র উঠে এসেছে। উপগ্রহচিত্র, দূর অনুধাবন প্রযুক্তি, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও উন্মুক্ত তথ্যের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে গাজায় ইসরায়েলি অভিযানের পরিবেশগত ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।
অক্সফামের আন্তর্জাতিক নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, ‘গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার অংশ হিসেবে পরিবেশের ওপরও সামরিক হামলা চালানো হচ্ছে। এসব পরিবেশগত যুদ্ধাপরাধ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে হুমকির মুখে ফেলছে।’
তিনি আরও বলেন, ভবন ও পরিবেশ ধ্বংসের পাশাপাশি ব্যাপক দূষণের ফলে মানুষের বেঁচে থাকার মৌলিক পরিবেশগত ভিত্তি ভেঙে পড়েছে, যা আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন হতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বোমা হামলা, অগ্নিকাণ্ড, ধ্বংসস্তূপ ও অপরিশোধিত পয়োবর্জ্য থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত পদার্থ বাতাস, পানি ও খাদ্যের মাধ্যমে ফিলিস্তিনিদের শরীরে প্রবেশ করছে। দূষিত মাটি ও ধ্বংসস্তূপের সরাসরি সংস্পর্শেও বাড়ছে তীব্র স্বাস্থ্যঝুঁকি।
অক্সফামের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর পর্যন্ত গাজার মোট ৩৬৫ বর্গকিলোমিটার এলাকার মধ্যে প্রায় ২৮৩ বর্গকিলোমিটার বা ৭৮ শতাংশই ইসরায়েলি স্থল অভিযানের সরাসরি ক্ষতির মুখে পড়েছে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় গাজায় প্রায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ তৈরি হয়েছে যা বর্তমান বাসিন্দাদের মাথাপিছু প্রায় ২৯ টন। এই বিপুল বর্জ্য সরাতে প্রায় ২১ লাখ ট্রাকের প্রয়োজন হবে, যা পুরো পৃথিবীর পরিধি প্রায় ৭৩৬ বার প্রদক্ষিণ করার সমান পথ পাড়ি দেবে।
গাজার প্রায় ৯৯ শতাংশ এলাকায় অন্তত একটি সম্ভাব্য দূষণের উৎস শনাক্ত হয়েছে; বিশেষ করে গাজা সিটি, খান ইউনিস, রাফাহ, জাবালিয়া ও সালাহ আল-দিন সড়কসংলগ্ন এলাকায় ঝুঁকি সবচেয়ে বেশি। এ ছাড়া অবিস্ফোরিত গোলাবারুদের খোলস ক্ষয়ে মাটি ও ভূগর্ভস্থ পানিতে বিষ ছড়াচ্ছে এবং ক্ষতিগ্রস্ত যানবাহন, ব্যাটারি ও জ্বালানি সংরক্ষণাগার থেকেও দূষণ বাড়ছে।
পানির সংকট ও পয়োবর্জ্যের বিপর্যয়
প্রতিবেদন বলছে, ২০২৩ সালের অক্টোবরের আগে গাজায় দৈনিক পানির সরবরাহ ছিল ৩ লাখ ৩৪ হাজার ১০৭ ঘনমিটার। ২০২৪ সালের জুনে তা ৮৪ শতাংশ কমে মাত্র ৫৪ হাজার ৭৪৭ ঘনমিটারে নামে। চলতি বছরের এপ্রিলে জরুরি মেরামতে সরবরাহ কিছুটা বাড়লেও তা যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় ৬১ শতাংশ কম ছিল।
গাজার ছয়টি পয়োবর্জ্য শোধনাগারের সব কটিই ২০২৪ সালের এপ্রিলের মধ্যে ধ্বংস হয়ে যাওয়ায় প্রতিদিন প্রায় ৪০ হাজার ঘনমিটার অপরিশোধিত পয়োবর্জ্য সরাসরি ভূমধ্যসাগরে মিশছে, যা অলিম্পিক আকারের ১৬টি সুইমিং পুলের সমান। চলতি বছরের জুলাইয়ে পরীক্ষা করা ৭৯টি ভূগর্ভস্থ পানির কূপের মধ্যে ১৫টিতে মলজাতীয় ব্যাকটেরিয়া এবং ৬১টির পানিতে দ্রবীভূত কঠিন পদার্থের মাত্রা প্রতি লিটারে এক হাজার মিলিগ্রামের বেশি পাওয়া গেছে।
কৃষি ও খাদ্যনিরাপত্তায় ধস
যুদ্ধের আগে গাজার কৃষিজমি স্থানীয় মানুষের তাজা সবজির চাহিদার প্রায় ৯৫ শতাংশ পূরণ করত। কিন্তু ২০২৫ সালের শেষ নাগাদ ৮৭ শতাংশের বেশি কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়; অক্ষত ও ব্যবহারযোগ্য ছিল মাত্র ৩ শতাংশ জমি।
১০ লাখের বেশি জলপাইগাছ উপড়ে ফেলা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ হাজার ২০০টির বেশি গ্রিনহাউস এবং ধ্বংস হয়েছে বীজ সংরক্ষণ ও বিতরণের অবকাঠামো। গবাদিপশুর প্রায় ৯৫ শতাংশ হারিয়ে যাওয়ার পাশাপাশি মাছ ধরার কার্যক্রমও ভেঙে পড়ায় চলতি বছরের জুলাইয়ে গাজার প্রায় ১২ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে পড়েন।
অর্থনীতি ও জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি ক্ষত
২০২৪ সালে গাজার মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৮৩ শতাংশ কমে ৩৬ কোটি ২০ লাখ ডলারে দাঁড়িয়েছে। ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের ৯২ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৭২ শতাংশ পুরোপুরি ধ্বংস।
বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের যৌথ মূল্যায়ন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত গাজায় সরাসরি অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ৩ হাজার ৫২০ কোটি ডলার এবং অর্থনৈতিক ক্ষতি ২ হাজার ২৭০ কোটি ডলার; পুনর্গঠনে আগামী এক দশকে প্রয়োজন হবে ৭ হাজার ১৪০ কোটি ডলার।
দূষণের প্রভাবে জনস্বাস্থ্য পরিস্থিতিও ভয়াবহ আকার নিয়েছে। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে গাজায় ১৯ লাখের বেশি শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং প্রায় ৮১ হাজার তীব্র পানিবাহিত ডায়রিয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ৩৬ হাজারের বেশি ছিল পাঁচ বছরের কম বয়সী শিশু।
দূষণের প্রকৃত মাত্রা নিরূপণে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের আহ্বান জানিয়ে অক্সফাম পাঁচ দফা পরিকল্পনা প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে দূষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ, মাটি-পানি পরীক্ষা, ঝুঁকিপূর্ণ স্থানে জরুরি মেরামত, বিষাক্ত বর্জ্য অপসারণ এবং পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে পুনর্গঠন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার পানি, খাদ্য ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ধ্বংসের ঘটনা আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি ও গণহত্যা সনদের আওতায় সম্ভাব্য অপরাধের বিচারে প্রাসঙ্গিক হতে পারে; যদিও গণহত্যার আইনি সিদ্ধান্তে পৌঁছাতে কোনো জনগোষ্ঠীকে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায়ের প্রমাণ প্রয়োজন।

