...|...|...

রাজনীতি

লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি এক দফায় রূপ নেবে: নাহিদ ইসলাম

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১৪
Shares
লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি এক দফায় রূপ নেবে: নাহিদ ইসলাম

বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিতে বাধা দেওয়া হলে ৬ দফা দাবি এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ার দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। লংমার্চটির আয়োজন করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। অনুষ্ঠানটি শুরু হয় সকাল ৭টায়।

নাহিদ ইসলাম বলেন, দেশে গ্যাস-বিদ্যুৎ নিয়ে চলমান সংকটের মধ্যে আয়োজিত লংমার্চ আপামর জনতার। নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, যারা চাঁদাবাজি করছে, যারা গণভোটের গণরায়ের বিরুদ্ধে প্রতারণা করেছে, এই লংমার্চ তাদের বিরুদ্ধে। যতই বাধা আসুক না কেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি চট্টগ্রামে পৌঁছাবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ঐতিহাসিক এক দফার জন্য সারাদেশের মানুষ লংমার্চ টু ঢাকায় এসে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। ঢাকা থেকে চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগে লংমার্চে যাচ্ছি নতুন করে যারা স্বৈরাচার হচ্ছে, সেই পথ বন্ধ করার জন্য।

এনসিপির আহ্বায়ক বলেন, আমাদের এই লংমার্চ সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। যারা সিন্ডিকেট করে তেল-বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা করছে- তাদের বিরুদ্ধে। এই লংমার্চ যারা ৭০ শতাংশ মানুষের ভোটের সাথে প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে।