মোহাম্মদ রুবেলের দুর্দান্ত স্পিনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে ছুটছে বাংলাদেশ এইচপি দল। তার ঘূর্ণি জাদুতে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ফলে হ্যাটট্রিক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠে গেছে তারা।
সোমবার (২৪ আগস্ট) ডারউইন ক্রিকেট গ্রাউন্ডে ভিক্টোরিয়াকে ৫ উইকেটে হারায় ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন বাংলাদেশ এইচপি। রুবেলের ঘূর্ণিতে ভিক্টোরিয়া ১৩১ রানেই থেমে যায়। জবাবে ১৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
দলের জয়ে আবারও বল হাতে বড় ভূমিকা রাখেন রুবেল। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন ৩০ বছর বয়সী এই স্পিনার। তার ঘূর্ণিতে ব্যাটাররা পুরো ইনিংসজুড়েই চাপে ছিল।
টুর্নামেন্টে এর আগে দুই ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছিলেন রুবেল। ওই দুই ম্যাচে নিয়েছিলেন ৭ উইকেট। সব মিলিয়ে তিন ম্যাচে তার শিকার ১১ উইকেট, যা তাকে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি করেছে।
রুবেলের ধারাবাহিক পারফরম্যান্সের সাথে বাংলাদেশ এইচপিও পাচ্ছে একের পর এক জয়। টানা তিন জয়ে তাই টুর্নামেন্টে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিয়েছে দলটি।


