...|...|...

খেলা

মেসির সাথে আবারও জুটি বাঁধতে পারেন ডি মারিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, সকাল ১০:৫৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৩২
Shares
মেসির সাথে আবারও জুটি বাঁধতে পারেন ডি মারিয়া

ছবি: সংগৃহীত

কোপা লিবার্তাদোরেস থেকে রোজারিও সেন্ট্রালের বিদায়ের পর আনহেল ডি মারিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা অবসরের কথা নিশ্চিত না করে জানিয়েছেন, এখনো ফুটবল চালিয়ে যেতে চান। এরই মধ্যে সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে আলোচনায় এসেছে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি।

রোজারিও সেন্ট্রালের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডি মারিয়া নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। সেখানে তিনি জানান, খেলাটা চালিয়ে যাওয়ার ইচ্ছা তার রয়েছে, তবে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটি নিয়ে তাকে ভাবতে হবে। তার এই বক্তব্যের পরই মেসির সাথে আবারও ক্লাব ফুটবলে জুটি বাঁধার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ডি মারিয়াকে অতীতেও একাধিকবার দলে নেওয়ার চেষ্টা করেছে ইন্টার মিয়ামি। সেসব উদ্যোগ সফল না হলেও ২০২৭ সালকে সামনে রেখে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

মেসি ও ডি মারিয়ার সম্পর্ক অবশ্য শুধু ক্লাব ফুটবলের সতীর্থ হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দীর্ঘদিনের এই দুই তারকার বোঝাপড়া এনে দিয়েছে একের পর এক সাফল্য। একসাথে তারা বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ পাঁচটি বড় শিরোপা জিতেছেন।

তাদের সাফল্যের শুরু ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনা জয়ের মাধ্যমে। এরপর ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ডি মারিয়ার গোল আর্জেন্টিনাকে ২৮ বছর পর বড় শিরোপা এনে দেয়।

২০২২ সালে ইতালির বিপক্ষে ফিনালিসিমা জয় এবং একই বছরের কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারানোর পথেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন দুজন। বিশ্বকাপ ফাইনালে মেসির জোড়া গোলের পাশাপাশি ডি মারিয়ার গোল আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ দেয়। ২০২৪ কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে তাদের সাফল্যের তালিকায় যোগ হয় আরও একটি বড় ট্রফি।

এখন ডি মারিয়ার সামনে দুটি সম্ভাবনা অবসরে যাওয়া অথবা ক্যারিয়ারের শেষ অধ্যায়ে যুক্তরাষ্ট্রে গিয়ে মেসির সাথে আবারও একই ক্লাবে খেলা। শেষ পর্যন্ত তিনি কোন পথ বেছে নেন, সেটিই এখন দেখার বিষয়।