...|...|...

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে প্রধানমন্ত্রীর ভোটদান সরাসরি দেখাবে বিটিভি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, সকাল ১০:০৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৩৭
Shares
রাষ্ট্রপতি নির্বাচনে প্রধানমন্ত্রীর ভোটদান সরাসরি দেখাবে বিটিভি

রাষ্ট্রপতি নির্বাচনে প্রধানমন্ত্রীর ভোটদান সরাসরি সম্প্রচারিত হবে। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরুর সময় গুরুত্বপূর্ণ কয়েকটি দৃশ্য সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এর মধ্যে রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার, ভারপ্রাপ্ত স্পিকার এবং প্রধানমন্ত্রীর ভোট দেওয়ার দৃশ্য দেখানো হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোট গ্রহণের শুরুতে এসব দৃশ্য সম্প্রচারের পর বিটিভির সরাসরি সম্প্রচার বন্ধ থাকবে। ভোট গণনার সময় আবারও সরাসরি সম্প্রচারে ফিরবে রাষ্ট্রীয় এই টেলিভিশন চ্যানেল। গণনা শেষে সংসদ কক্ষেই নির্বাচনের ফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ভোট দেওয়ার সুযোগ পাবেন ৩৪৯ জন সংসদ সদস্য। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

১৯৯১ সালের পর দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ওই বছর সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস বিজয়ী হয়েছিলেন।

এবার সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপির। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে একাধিক প্রার্থী থাকায় সংবিধান অনুযায়ী ভোট গ্রহণের আয়োজন করতে হচ্ছে। এর আগে সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের প্রস্তুতি নিয়ে বুধবার সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, ভোট শেষ হওয়ার পর ব্যালট গণনা শুরু হবে এবং ফলাফল সংসদ কক্ষেই ঘোষণা করা হবে। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সিইসি। সংসদের অধিবেশন চলমান না থাকায় ভোটের জন্য সংসদ সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে। ওই বৈঠকে সভাপতিত্বের পাশাপাশি নির্বাচন পরিচালনার দায়িত্বও পালন করবেন তিনি।

ভোট দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যদের নিজ নিজ আসনে বসে ব্যালট গ্রহণ করতে হবে। ব্যালট পেপারের মুড়ি অংশে পূর্ণ নাম লিখে স্বাক্ষরের পর মূল ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে নাম লিখে স্বাক্ষর করতে হবে।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালও সংসদ সদস্য হিসেবে ভোট দিতে পারবেন। তাদের জন্য সংসদ কক্ষে আলাদা আসনের ব্যবস্থা করা হয়েছে।

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় ভোট দিতে পারবেন। তবে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার দিন তার সংসদীয় আসন শূন্য হবে। অন্যদিকে অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দিতে পারবেন না।

জাতীয় সংসদে মোট আসন ৩৫০টি হলেও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত থাকায় বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার সংখ্যা ৩৪৯ জন।

বর্তমানে বিএনপির সংসদ সদস্য সংখ্যা ২৪৭ জন। দলটির মিত্র বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের একজন করে সদস্য রয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য সংখ্যা ৯০ জন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর এই নির্বাচনের আয়োজন করা হয়েছে। গত ৬ আগস্ট নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে।

১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর প্রথমবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।

এরপর অনুষ্ঠিত সাতটি রাষ্ট্রপতি নির্বাচনেই বিরোধী পক্ষ থেকে কোনো প্রার্থী না থাকায় ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। এবার বিরোধী জোট প্রার্থী দেওয়ায় প্রায় সাড়ে তিন দশক পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।