২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচন কমিশনে (ইসি) তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের নামে দুটি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র জমা হওয়ার বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব বলেন, এটি এখনো কমিশনের সিদ্ধান্তের বিষয় নয়। নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বিষয়টি দেখা হবে। কোনো কারণে একটি মনোনয়নপত্র বাতিল হলে অন্যটি বিবেচনায় নেওয়া হতে পারে।
তবে দুটি মনোনয়নপত্র জমা দেওয়ার কারণ ব্যাখ্যা করেছে ১১ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, কোনো একটি ফরমে তথ্যগত ভুল বা ত্রুটি থাকলে বিকল্প হিসেবে ব্যবহারের জন্য দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচনে এ ধরনের পদ্ধতি নতুন নয়। কোনো ঝুঁকি এড়াতেই অনেক সময় একাধিক মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী ধাপ হিসেবে আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ সময় সংসদ সচিবালয়ের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং প্রার্থীদের প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষর যাচাই করা হবে।
এর আগে গত ২৪ জুলাই ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। এরপর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে ইসি। গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। একাধিক প্রার্থী নির্বাচনে থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবার বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পৃথক প্রার্থী দেওয়ায় একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ হলে দীর্ঘ ৩৫ বছর পর দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।


