...|...|...

রাজনীতি

দেশের সংকটে প্রধানমন্ত্রীর সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৩
Shares
দেশের সংকটে প্রধানমন্ত্রীর সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

দেশের সংকটকালীন মুহুর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সংলাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাড়া দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

যুক্তরাজ্য থেকে রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত জরুরি ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের কথা আমরা সর্বপ্রথম বলেছিলাম, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আমরা বলেছিলাম— জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার প্রয়োজন। কারণ, এই পতিত শক্তি ভারতের সহযোগিতায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, জুলাই বিপ্লবের বিরুদ্ধে ক্রমাগত তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখতে পারে। এ কারণে আমাদের রাজনৈতিক এবং সামাজিক যে শক্তিগুলা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত।

কিন্তু বিএনপি সেই ঐক্যের আহ্বানে সাড়া না দিয়ে সর্বপ্রথম জাতীয় ঐক্য ভঙ্গ করেছিল উল্লেখ করে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা না করে দ্বিতীয়বারের মতো যখন নির্বাচন হলো, তখন নির্বাচনে গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিসহ সবগুলো রাজনৈতিক দল অঙ্গীকার করেছে, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা করেছে। কিন্তু নির্বাচনের ঠিক পরপরই যখন তারা শপথগ্রহণ করল, সেই শপথ গ্রহণেই তারা দ্বিতীয়বারের মতো আবারও জাতীয় ঐক্য ভঙ্গ করল এবং জনগণের প্রতি দেয়া, জুলাই গণঅভ্যুত্থানের প্রতি দেয়া অঙ্গীকার ভঙ্গ করল সংবিধান সংস্কারের শপথ গ্রহণ না করে। গত ৭ মাস ধরে তারা এই গণভোটের গণরায়কে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অস্বীকার করেছে।

জাতীয় ঐক্যের সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি থাকতে হবে, অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে এবং এমন কিছু করার মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রস্তাব করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ঠেকানোর জন্য শুধু ডিসেম্বরে জাতীয় ঐক্যমত্য চাইবে, জানুয়ারি মাসে তারা আবার এই একদলীয় কমিটির রায় অনুযায়ী, মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে— এমন কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশগ্রহণ করবে না।