রাশিয়ায় প্রথমবারের মতো অলংকার তৈরির উপযোগী বিরল প্রাকৃতিক নীল হীরা আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির বৃহত্তম হীরা উত্তোলনকারী প্রতিষ্ঠান আলরোসা । ২ দশমিক ৭৪ ক্যারেট ওজনের এই হীরাটি রাশিয়ার কোনো খনিতে পাওয়া এ ধরনের প্রথম হীরা বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (৬ নভেম্বর) রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আলরোসা জানিয়েছে, রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলের নাকিন কিম্বারলাইট খনি এলাকা থেকে হীরাটি উত্তোলন করা হয়েছে। ওই এলাকায় নিউরবা ও বোতুওবিনস্কায়া নামের দুটি হীরার খনি রয়েছে। মিরনি-নিউরবা মাইনিং অ্যান্ড প্রসেসিং প্ল্যান্টের অধীনে সেখানে খনন কার্যক্রম পরিচালিত হয়।
আবিষ্কৃত হীরাটি অত্যন্ত বিরল ‘টাইপ টু-বি’ শ্রেণির। হীরার স্ফটিক কাঠামোয় সামান্য পরিমাণ বোরন থাকার কারণে এটি প্রাকৃতিকভাবে নীল রং ধারণ করেছে। হীরাটির অভ্যন্তরে কোনো ত্রুটি নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিরল রং ও নিখুঁত গঠনের কারণে অলংকারশিল্পে এর মূল্য অত্যন্ত বেশি।
বর্তমানে হীরাটি কাটা ও পালিশ করার কাজ চলছে। আগামী নভেম্বরের শেষ নাগাদ এটি আনুষ্ঠানিকভাবে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে আলরোসার।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল মারিনিচেভ বলেন, ‘রাশিয়ায় এমন অনন্য নীল হীরা এই প্রথম পাওয়া গেল। এটি আলরোসা এবং পুরো হীরাশিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’
তিনি আরও বলেন, এমন বিরল হীরা হয়তো আর কখনো পাওয়া যাবে না। তাই এর প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে বিশ্বের অন্যতম দুর্লভ পালিশ করা হীরায় রূপান্তর করাই তাঁদের লক্ষ্য।
বিশেষজ্ঞদের মতে, এই আবিষ্কার ইয়াকুতিয়ার নাকিন খনি এলাকায় অত্যন্ত বিরল বোরনসমৃদ্ধ হীরার উপস্থিতি নিশ্চিত করেছে। একই সঙ্গে পৃথিবীর গভীরে হীরা তৈরির ভূতাত্ত্বিক প্রক্রিয়া নিয়ে নতুন গবেষণার সম্ভাবনাও তৈরি করেছে।


