সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতার যুদ্ধের সময় সংঘটিত হত্যা, নির্যাতন ও বেআইনি আটকের মতো যুদ্ধাপরাধের অভিযোগে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
৫৮ বছর বয়সি হাশিম থাচি নব্বইয়ের দশকে সার্বিয়ার বিরুদ্ধে কসোভোর রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের সময় জাতিগত আলবেনীয় কসোভো লিবারেশন আর্মি (কেএলএ)-এর শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। খবর আল জাজিরার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) হেগের কসোভো স্পেশালিস্ট চেম্বারস (কেএসসি) তাকে এই কারাদণ্ড প্রদান করে। আদালতের রায় অনুযায়ী, সংঘাতে কেএলএ-এর হাতে নিহত ৯৬ জন রাজনৈতিক প্রতিপক্ষ এবং সার্বীয় নিরাপত্তা বাহিনীর সাথে সম্পৃক্ত সন্দেহে অভিযুক্ত ব্যক্তিদের হত্যার ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
তবে থাচি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। রায় ঘোষণার সময় স্যুট-টাইপ পরা থাচি আদালতে নিঃশব্দে দাঁড়িয়ে ছিলেন এবং বিচারক চার্লস স্মিথ সাজা ঘোষণা করেন।
এই মামলায় কেএলএ-এর আরও তিনজন সাবেক শীর্ষ কমান্ডারকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ইয়াকুপ ক্রাসনিকিকে ২৫ বছর, কদ্রি ভেসেলিকে (হেফাজতে কাটানো সময়সহ) ১৮ বছর এবং রেজেপ সেলিমিকে (হেফাজতে কাটানো সময়সহ) ১৩ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তরা এই রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকার রাখবেন।
তবে প্রসিকিউশন পক্ষ বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক ও সুসংহত হামলার অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত এই চারজনকে মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ থেকে খালাস দিয়েছেন।


