...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রকে ‘মহা শয়তান’ বললেন ইরানের সংসদ স্পিকার গালিবাফ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৪০ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫০
Shares
যুক্তরাষ্ট্রকে ‘মহা শয়তান’ বললেন ইরানের সংসদ স্পিকার গালিবাফ

ছবি: সংগৃহীত

ইরানি বেসামরিক নাগরিকদের ওপর সাম্প্রতিক মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ ও ‘মহা শয়তান’ বলে অভিহিত করেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি অভিযোগ করেছেন যে ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে শিশু ও পরিবারগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের মিনাবের একটি স্কুল, লামের্দের একটি স্পোর্টস হল এবং কুহেস্তাকের একটি বিয়ের অনুষ্ঠানে চালানো মার্কিন হামলার কথা উল্লেখ করেন গালিবাফ। তিনি বলেন, বেসামরিক মানুষের হতাহতের এই ধারাবাহিকতাই মার্কিন আচরণের আসল রূপ উন্মোচন করে।

তিনি তার পোস্টে লেখেন, মিনাবের স্কুল: শিশুরা নির্মমভাবে নিহত। লামের্দের স্পোর্টস হল: শিশুরা জবাই হয়েছে। কুহেস্তাকের বিয়ে: পরিবারের সাথে শিশুরা নিহত।

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি আরও বলেন, যদি কোনো পরাশক্তি শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্যবস্তু বেছে নেয় এবং শয়তানের মতো হত্যা করে, তবে সে শয়তান। জুনিয়র কোনো শয়তান যখন একই কাজ করে এবং তাকে যারা রক্ষা করে সেটিই হলো দ্য গ্রেট শয়তান বা মহা শয়তান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সিরিকের কুহেস্তাকে একটি আবাসিক বাড়িতে মার্কিন হামলার তীব্র নিন্দা জানানোর পর গালিবাফের এই মন্তব্য সামনে এল। ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্যরা জড়ো হয়েছিলেন। বাঘাই জানান, ওই হামলায় ৫০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন। এটিকে ইরানি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মার্কিন কর্মকাণ্ডের একটি বৃহত্তর প্যাটার্নের অংশ হিসেবে উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, এ ধরনের হামলার বিরুদ্ধে নীরবতা বজায় রাখা মানে সেগুলোকে স্বাভাবিক করে তোলা।

সিরিকের ওই হামলায় প্রায় ৭০ জন বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হন এবং একটি শিশুসহ চারজন নিহত হন। এই ঘটনার প্রতিশোধ হিসেবে ইসলামিক রেভলিউশন গার্ডস কোর এবং ইরানি সেনাবাহিনী জর্ডান, ইরাকের এরবিল, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে ঘোষণা দিয়েছে।