যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ১৭ বছর বয়সী ফুটবলার কাভান সুলিভান। লিগের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ল্যান্ডন ডোনোভান এমভিপি’র সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও। একই পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় এবার ফুটবলবিশ্বের নজর কেড়েছেন তরুণ কাভান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এমএলএসের আটটি ব্যক্তিগত পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়। এতে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মেসি ও কাভানের সাথে মনোনয়ন পেয়েছেন এফসি সিনসিনাটির এভান্দার, হিউস্টন ডায়নামোর গিলের্মে এবং ন্যাশভিলের হানি মুখতার।
ইন্টার মায়ামির জার্সিতে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন মেসি। নিয়মিত মৌসুমে ২৬ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পেয়েছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭ গোল, যা অ্যাসিস্টের তালিকায় তাকে দ্বিতীয় অবস্থানে রেখেছে।
গত মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বার এমএলএসের বর্ষসেরা হয়েছিলেন মেসি। এর আগে দুইবার এই পুরস্কার জয়ের কৃতিত্ব ছিল কেবল প্রেড্রাগ রাদোসাভলিয়েভিচের। এবারও পুরস্কার জিতলে প্রথম ফুটবলার হিসেবে টানা তিনবার এমভিপি হওয়ার রেকর্ড গড়বেন আর্জেন্টাইন অধিনায়ক।
অন্যদিকে, ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে আলোচনায় এসেছেন কাভান সুলিভান। ১৭ বছর বয়সী এই তরুণ ২৯ ম্যাচে করেছেন ৯ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪ গোল। তার এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বর্ষসেরা খেলোয়াড়ের পাশাপাশি এমএলএসের তরুণ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা পেয়েছেন তিনি। এই বিভাগে কাভানের প্রতিদ্বন্দ্বী নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল ও আদি মেহমেতি।
বর্ষসেরা কোচের পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ন্যাশভিলের বিজে ক্যালাহান, সেন্ট লুইস সিটির ইয়োয়ান দামেত এবং ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের ইয়েসপার সোরেনসেন। ক্যালাহানের অধীনে নিয়মিত মৌসুমে ২৩ জয়, ৩ ড্র ও ৮ হারে ৭৭ পয়েন্ট সংগ্রহ করে সাপোর্টার্স শিল্ড জিতেছে ন্যাশভিল।
বর্ষসেরা ডিফেন্ডার নির্বাচনের দৌড়েও ন্যাশভিলের তিন ফুটবলার মনোনয়ন পেয়েছেন। তারা হলেন অ্যান্ডি নাজার, জেইসন পালাসিওস ও ম্যাক্সওয়েল ওলেদজি।
সেরা গোলকিপারের পুরস্কারের জন্য লড়বেন ন্যাশভিলের ব্রায়ান শোয়াকে, সেন্ট লুইস সিটির রোমান বুরকি এবং নিউ ইংল্যান্ড রেভল্যুশনের ম্যাট টার্নার। প্রত্যাবর্তন বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় রয়েছেন রায়ান গল্ড, নিক হ্যাগলুন্ড ও এদুয়ার্দ লোয়েন।
এ ছাড়া বর্ষসেরা নতুন খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন গিলের্মে, অরল্যান্ডো সিটির আঁতোয়ান গ্রিজমান এবং স্পোর্টিং কানসাস সিটির আন্দ্রে লুইজ। মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতিসূচক পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন পল আরিওলা, অ্যান্ড্রু ফ্যারেল, তেলাসকো সেগোভিয়া, ম্যাসন স্টাজদুহার ও ব্র্যাড স্টুভার।
প্লে-অফ চলাকালে আটটি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করবে এমএলএস কর্তৃপক্ষ। পরে প্রকাশ করা হবে লিগের সেরা একাদশও। অন্যদিকে, বর্ষসেরা গোল ও সেভ নির্বাচনের জন্য অনলাইনে ভোট গ্রহণ চলছে, যা সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে।



