...|...|...

খেলা

মেসির বিকল্প নেই, ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে জানালেন স্কালোনি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৯
Shares
মেসির বিকল্প নেই, ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে জানালেন স্কালোনি

ছবি: সংগৃহীত

লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনার পথচলা যে কঠিন হবে, তা স্বীকার করেছেন দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার মতে, মেসির মতো খেলোয়াড়ের বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব। তাই মেসি যেভাবে দলকে খেলিয়েছেন, তার অনুপস্থিতিতে একই কৌশল ধরে রাখার চেষ্টা করবে না আর্জেন্টিনা। বরং নতুন বাস্তবতার সাথে মানিয়ে নিয়ে খেলার ধরনে পরিবর্তন আনতে চান বিশ্বকাপজয়ী এই কোচ। একই সাথে মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সির ভবিষ্যৎ নিয়েও নিজের অবস্থান জানিয়েছেন তিনি।

২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়নের পর স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন স্কালোনি। এ সময় নতুন চুক্তি নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানানোর পাশাপাশি আর্জেন্টিনা দলের ভবিষ্যৎ পরিকল্পনা, তরুণদের সুযোগ এবং মেসির অনুপস্থিতিতে দল পরিচালনার বিষয়েও কথা বলেন তিনি।

নতুন চুক্তি চূড়ান্ত করতে ভূমিকা রাখায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও সভাপতি ক্লদিও তাপিয়াকে ধন্যবাদ জানিয়েছেন স্কালোনি। চুক্তি নবায়ন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আমি ভীষণ খুশি। এই চুক্তি চূড়ান্ত করতে তারা অনেক পরিশ্রম করেছেন। যদিও আমার পরিবারের সদস্যদের জন্য সময়টা খুব সহজ নয়, তবু এটি আমাকে দারুণ তৃপ্তি দিচ্ছে।’

জাতীয় দলের দায়িত্ব পালনে পুরোপুরি নিবেদিত থাকা জরুরি বলে মনে করেন স্কালোনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এই পদে কাজ করতে হলে পূর্ণ শক্তি নিয়ে করতে হয়। কাছের মানুষদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, চালিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো হবে।’

নতুন মেয়াদে আর্জেন্টিনা দলকে সামনে এগিয়ে নিতে তরুণ ফুটবলারদের বেশি সুযোগ দিতে চান এই কোচ। তার ভাষায়, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও এর সভাপতি অনেক চেষ্টা করেছেন। এখন আমাদের পথচলায় গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু হচ্ছে। যারা সুযোগের অপেক্ষায় আছে, সেই তরুণ খেলোয়াড়দের আমরা সুযোগ দেব।’

তবে তরুণদের কাছ থেকে দ্রুত বড় কিছু প্রত্যাশা না করার পরামর্শও দিয়েছেন স্কালোনি। তার মতে, সম্ভাবনা থাকলেও নতুন প্রজন্মের ফুটবলাররা এখনো মেসি, আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দির মতো অভিজ্ঞ খেলোয়াড়দের পর্যায়ে পৌঁছাতে পারেননি। তাই তাদের বিকশিত হওয়ার জন্য সময় দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সমর্থনও নিশ্চিত করতে হবে।

মেসিকে ছাড়া আর্জেন্টিনার খেলার ধরন কেমন হবে, সেটি নিয়েও নিজের পরিকল্পনা জানিয়েছেন স্কালোনি। তার মতে, মেসির অবদান কেবল মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ ছিল না পুরো দলের পরিবেশ ও খেলার গতিপ্রকৃতিতেও তার বিশেষ প্রভাব ছিল।

স্কালোনি বলেন, ‘মেসি অতুলনীয়। তাকে ছাড়া একইভাবে খেলার চেষ্টা করার কোনো উপায় নেই, কারণ সেটি সম্ভব নয়। মাঠে তিনি যা দিতেন, তার প্রভাব শুধু সেখানেই সীমাবদ্ধ ছিল না বরং দলের মধ্যেও তিনি অনেক কিছু তৈরি করেছিলেন।’

মেসির অনুপস্থিতিতে নতুনভাবে দল সাজানোর চ্যালেঞ্জ মেনে নিয়েছেন আর্জেন্টিনার কোচ। তার পরিকল্পনা, কোনো একজন খেলোয়াড়কে মেসির জায়গায় বসিয়ে আগের মতো খেলার চেষ্টা না করে দলের কৌশল ও সামর্থ্য অনুযায়ী নতুন পথ তৈরি করা।

এদিকে মেসির ১০ নম্বর জার্সি নিয়েও এখনই কাউকে ভাবছেন না স্কালোনি। ঐতিহাসিক এই জার্সির মর্যাদা বজায় রাখার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন তিনি। এ প্রসঙ্গে কোচ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত বাধ্যতামূলক না হচ্ছে, ততক্ষণ আমরা ভাবিনি কাকে এই নম্বর দেওয়া হবে। সময় এলে সিদ্ধান্ত নেব। বিষয়টি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। তবে যখন সিদ্ধান্ত নেব, চাইব সেটি যেন চূড়ান্ত হয়। প্রত্যেক খেলোয়াড়কে ১০ নম্বর জার্সি দিতে চাই না। এমন কাউকে দিতে চাই, যে জার্সিটির মর্যাদা ধরে রাখতে পারবে।’

প্রতিবেদন অনুযায়ী, স্কালোনির নতুন চুক্তি দুই বছর করে দুই ধাপে সাজানো হয়েছে। প্রথম পর্যায়ে ২০২৭ সালের কোপা আমেরিকাকে সামনে রেখে কাজ করবে আর্জেন্টিনা। চুক্তিতে এমন শর্তও রাখা হয়েছে, দায়িত্ব পালনে আগ্রহ বা প্রয়োজনীয় উদ্যম হারিয়ে ফেললে মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়াতে পারবেন তিনি।

প্রথম দুই বছরের মেয়াদ শেষে চুক্তি আরও দুই বছর বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকবেন স্কালোনি।