প্রয়াত সতীর্থ দিয়োগো জোতাকে নিয়ে কটূক্তির ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এমন আচরণ করা সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পর্তুগিজ তারকা। এমনকি যারা ব্যক্তিগত ট্র্যাজেডিকে অপমানের হাতিয়ার বানায়, তাদের আজীবনের জন্য স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
সৌদি প্রো লিগে শনিবার আল তাওউন ও আল হিলালের ম্যাচে ঘটনাটি ঘটে। ম্যাচের সময় গ্যালারির একাংশ থেকে আল হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে ‘জোতা’বলে স্লোগান দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিষয়টি সামনে আসার পর রোনালদো প্রতিক্রিয়া জানান। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘লিগ কর্তৃপক্ষকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে ও এই ধরনের সমর্থকদের শাস্তি দিতে হবে।’
গত বছরের ৩ জুলাই স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জামোরায় ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান জোতা। একই দুর্ঘটনায় মারা যান তার ছোট ভাই আন্দ্রে সিলভাও। জোতার ঘনিষ্ঠ বন্ধু নেভেস তার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজন ছিলেন।
ম্যাচ চলার সময় গ্যালারির ওই স্লোগান নেভেসেরও নজরে আসে। জবাবে তিনি প্রথমে চোখের দিকে আঙুল দেখান এবং পরে আকাশের দিকে ইঙ্গিত করেন। তার অঙ্গভঙ্গিতে যেন বোঝাচ্ছিলেন, সৃষ্টিকর্তা সবকিছু দেখছেন।
ম্যাচ শেষে মিক্সড জোনে এ বিষয়ে কথা বলেন নেভেস। তিনি বলেন, ‘আশা করি, এই ঘটনার পর তারা আবার গিয়ে প্রার্থনা করবে না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর রোনালদোও বিষয়টি নিয়ে সরব হন। পর্তুগিজ তারকার ভাষায়, ‘এটা আর ফুটবল নয়। এর একটা সীমা থাকা দরকার। যারা এ ধরনের আচরণ করে, তাদের আর কখনও স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া উচিত নয়।’
ম্যাচে অবশ্য বড় জয় পেয়েছে আল হিলাল। আল তাওউনকে ৬-০ গোলে হারানো ম্যাচটিতে ৭৫ মিনিট মাঠে ছিলেন নেভেস। এরপর তাকে বদলি করা হয়।
ঘটনার পর আনুষ্ঠানিকভাবে অভিযোগও করেছে আল হিলাল। সৌদি আরব ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) কাছে অভিযোগ দায়েরের কথা জানিয়েছে ক্লাবটি। খেলোয়াড় কিংবা তাদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছে আল হিলাল।
পরে বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা জানায় আল তাওউনও। ক্লাবটি বলেছে, ‘এ ধরনের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি আল তাওউন, আমাদের সমর্থক কিংবা আমাদের গ্যালারির মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না।’
ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে আল তাওউন।
এদিকে সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ) ও সৌদি প্রো লিগ (এসপিএল) যৌথ বিবৃতিতে দর্শকদের এমন আচরণের নিন্দা জানিয়েছে। তাদের মতে, ম্যাচে কিছু সমর্থকের আচরণ সৌদি ফুটবলের মূল্যবোধ ও খেলোয়াড়সুলভ আচরণের নীতির পরিপন্থী।
এসএএফএফ ও এসপিএল আরও বলেছে, ব্যক্তিগত কোনো ট্র্যাজেডিকে কাউকে অপমান কিংবা উসকানি দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা ‘অগ্রহণযোগ্য এবং সৌদি ফুটবলে এর কোনো স্থান নেই’।



