...|...|...

খেলা

টাইগারদের কোচ হতে চান সুজন, জানালেন নিজের অবস্থান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৪
Shares
টাইগারদের কোচ হতে চান সুজন, জানালেন নিজের অবস্থান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন কোচিং করানো এই অভিজ্ঞ কোচ জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে জাতীয় দলের দায়িত্বের জন্য যোগ্য মনে করে প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করতে প্রস্তুত।

রবিবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের কোচ হওয়া প্রসঙ্গে সুজন বলেন, ‘সেটা তো আমি বলতে পারব না। যদিও আমার ব্রেড অ্যান্ড বাটার কোচিং। বোর্ড যদি মনে করে, আমি সামর্থবান, তারা যদি অফার করে আমি অবশ্যই দায়িত্ব নেব।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন সুজন। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) একাধিক ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তবে এই মুহূর্তে জাতীয় দলের কোচিংয়ের চেয়ে বিসিবির দেওয়া নতুন দায়িত্বেই বেশি মনোযোগ দিতে চান তিনি।

সম্প্রতি বিসিবি তাকে গেম ডেভেলপমেন্টের কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব দিয়েছে। প্রসঙ্গে সুজন বলেন, ‘এখন তো একটা দায়িত্ব দিয়েছে প্রেসিডেন্ট- গেম ডেভেলপমেন্টের কনসালটেন্ট। উনি হয়তো ভেবেছে, আমি এখানে অবদান রাখতে পারবো। আমাকে যোগ্য মনে করার জন্য তাকে ধন্যবাদ। আমি যতটা সম্ভব অবদান রাখার চেষ্টা করবো। ফাহিম এখানে চেয়ারম্যান, তার সাথেও আমার কাজের অভিজ্ঞতা আছে।

এদিকে মোহাম্মদ সালাউদ্দিনের সাথে সুজনের সম্পর্ক ভালো নয় এমন আলোচনা মাঝেমধ্যে শোনা যায়। তবে সেই দাবি সরাসরি নাকচ করেছেন সাবেক এই টাইগার অধিনায়ক। সালাউদ্দিনের সাথে তার দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেছেন তিনি।

সুজনের ভাষায়, ‘এটা তো মানুষ বলে। কী ঝামেলা? আমি আর সালাউদ্দিন তো এটা মনে করি না। ছোট বেলা থেকে দুজন দুজনকে ভালোভাবে চিনি, একসাথে খেলেছি। এরপর দুজনই কোচিংয়ে এসেছি। ওর সাথে সবসময় আমার সুসম্পর্ক।