মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শের আলোকে প্রবাসীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয় তুলে ধরেছে হাইকমিশন।
হাইকমিশনের পরামর্শে বলা হয়েছে, প্রবাসীদের মালয়েশিয়ার আইন-কানুন, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। একই সাথে দেশটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে।
চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে। অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রেও সতর্ক থাকতে এবং প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য কিংবা প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি গুজব, মিথ্যা তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।
ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে মালয়েশিয়ার আইন লঙ্ঘন করতে পারে-এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার কিংবা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়া, যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি বা অনলাইন তহবিলে অনুদান না দেওয়া এবং কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংশ্লিষ্ট স্থানের ছবি ও ভিডিও ধারণ বা প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রবাসীদের নিজেদের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক তথ্যসহ ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্যও সতর্ক করেছে হাইকমিশন।
ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ সৃষ্টি করতে পারে-এমন পোস্ট বা বিতর্কে অংশ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সাথে ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে দূরে থাকতে বলা হয়েছে।
সবশেষে কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন বা প্রশংসা করে পোস্ট, মন্তব্য কিংবা প্রতিক্রিয়া না দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

