...|...|...

বিশ্ব

মার্কিন হামলায় ইরানের ৩ পাইলট নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:২৯
Shares
মার্কিন হামলায় ইরানের ৩ পাইলট নিহত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের বিমান ও নৌবাহিনীর তিন সামরিক পাইলট নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

তাসনিম জানিয়েছে, নিহত পাইলটরা হলেন—ইরানি নৌবাহিনীর সদস্য মোজতবা বাঘেরি ও হামিদ ওকাতি এবং বিমান বাহিনীর সদস্য হোসেইন মাহদাবিয়ান। তবে দুই রাত আগে ঘটে যাওয়া এই হামলার সুনির্দিষ্ট অবস্থান বা পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে বার্তা সংস্থাটি বিস্তারিত কিছু জানায়নি।

এর আগে, ইরানি গণমাধ্যম জানিয়েছিল যে, গত ১ সেপ্টেম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে দায়িত্ব পালনকালে মার্কিন হামলায় আমিরহোসেন সেলিমজাদেহ নামের এক নৌসেনা নিহত হন।

ইরানি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছে—দক্ষিণ হোরমোজগান প্রদেশের সিরিকে চারজন, খুজেস্তানে সাতজন, পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর মহাকাশ বাহিনীর চার সদস্য এবং লাভান দ্বীপে বাসিজ আধাসামরিক বাহিনীর তিনজন সদস্য।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার মধ্য দিয়ে নতুন করে এই লড়াই শুরু হয়, যা সরাসরি শত্রুতার ক্ষেত্রে প্রায় এক মাসের বিরতির অবসান ঘটায়।

এর পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে আরও হামলা চালায়, যার বিপরীতে তেহরান কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতসহ পুরো অঞ্চলের মার্কিন সামরিক সুবিধাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নেয়।