...|...|...

খেলা

মাদক চোরাচালান ও অর্থ পাচারের তদন্তে আগুয়েরোর নাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:৫১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৫১
Shares
মাদক চোরাচালান ও অর্থ পাচারের তদন্তে আগুয়েরোর নাম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে একটি অপরাধী চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আর্জেন্টিনার আদালত। সেই তদন্তের নথি থেকে উঠে এসেছে দেশটির সাবেক তারকা ফুটবলার সার্জিও 'কুন' আগুয়েরোর নাম। তদন্তকারীদের মতে, অপরাধী চক্রটি নিজেদের একটি ব্যবসায়িক উদ্যোগে আগুয়েরোর আন্তর্জাতিক পরিচিতি ও ভাবমূর্তিকে ব্যবহারের চেষ্টা করছিল।

বিচারক পাবলো ইয়াদারোলার নজরদারিতে চলা এই তদন্তে আগুয়েরোকে আসামি বা অভিযুক্ত করা হয়নি। তবে চক্রটি তাদের একটি অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম প্রজেক্টে সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের নাম জড়ানোর চেষ্টা চালায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জব্দ করা ফোনের বার্তা ও নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, চক্রটির অন্যতম সদস্য দিয়েগো ফ্রান্সিসকো আনজালনি এবং বোনো ওজি দে কারলুচি প্রজেক্টে আগুয়েরোর নাম ব্যবহার করার বিষয়ে কথা বলছিলেন। পরে তাদের মধ্যে আগুয়েরোর সঙ্গে চুক্তি চূড়ান্ত করা ও সাক্ষাৎ হওয়ার বার্তাও আদান-প্রদান হয়। নথিপত্র অনুযায়ী, আনজালনি চেষ্টা করছিলেন যাতে প্রাথমিক মূলধনে আগুয়েরোকে কোনো টাকা দিতে না হয়।

তদন্তকারীদের ধারণা, অভিযুক্ত এই চক্রটি বলিভিয়া থেকে কোকেন এবং স্পেন থেকে সিন্থেটিক মাদক চোরাচালানের সাথে যুক্ত। ইতোমধ্যেই ‘পিবট আলভারেজ’ নামে পরিচিত মূল সন্দেহভাজনসহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুরো বিষয়টি বর্তমানে আদালতে আইনি তদন্তাধীন রয়েছে। তবে অনুসন্ধানের নথির কোথাও আগুয়েরোর বিরুদ্ধে কোনো ধরনের সরাসরি অপরাধমূলক অভিযোগের তথ্য পাওয়া যায়নি।