...|...|...

বিশ্ব

ভারতে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:১৪ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫৬
Shares
ভারতে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের বিজনোর জেলায় এক আন্তঃধর্মীয় সম্পর্কের জেরে ৪৩ বছর বয়সী এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুসলিম শিক্ষককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত গৌরব চৌধুরী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

নিহত নওশাদ আহমেদ পুরুষোত্তমপুর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে তার ওপর এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করে।

বার্তা সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে পুলিশের তথ্য অনুযায়ী, হামলাকারী আগে থেকেই শিক্ষকের জন্য ওত পেতে ছিল এবং তিনি পৌঁছামাত্রই গুলি চালিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের পরপরই গৌরব চৌধুরী (৩২) নামের এক অভিযুক্ত কৃষক নাজিবাবাদ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তিনি এই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশি পিস্তলও পুলিশের হাতে তুলে দেন। বিজনোরের পুলিশ সুপার কৃষ্ণ কুমার জানান, গৌরবকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে আদালতে হাজির করা হবে।

পুলিশের এক কর্মকর্তা জানান, আত্মসমর্পণের পর গৌরব দাবি করেছেন যে ওই শিক্ষক ‘লাভ জিহাদ’ প্রচারে সক্রিয়ভাবে জড়িত ছিলেন—এমন সন্দেহই এই হত্যাকাণ্ডের মূল কারণ।

পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে কয়েক দিন আগের একটি ব্যক্তিগত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। গৌরবের পরিবারের সাথে স্থানীয় একটি দলিত পরিবারের ঘনিষ্ট সম্পর্ক ছিল। দলিত পরিবারের এক তরুণীকে স্থানীয় এক মুসলিম যুবকের সাথে মেলামেশা করতে দেখে গৌরব বিষয়টি দুই পরিবারকেই জানিয়ে দেন। এর জেরে উভয় পরিবারের সদস্যরা মিলে ওই দম্পতিকে মারধর করে সতর্ক করেন।

পুলিশ জানায়, ওই তরুণ এরপর শিক্ষক নওশাদের কাছে পুরো বিষয়টি জানান। ঘটনার চার দিন আগে বাজারে গৌরবের মুখোমুখি হয়ে সবার সামনে তাকে চড় মেরেছিলেন শিক্ষক নওশাদ, যা নিয়ে গৌরব চরম ক্ষুব্ধ ছিলেন।