...|...|...

বিশ্ব

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনই নতুন দেশ নয়: পাকিস্তান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:২৯ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৪৩
Shares
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনই নতুন দেশ নয়: পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র সাজ্জাদ হায়দার। ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আপাতত নতুন কোনো দেশকে যুক্ত করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দফতর বলছে, জোট সম্প্রসারণ নিয়ে বর্তমানে কোনো আলোচনা বা প্রস্তাবও বিবেচনায় নেই।

বৃহস্পতিবার ইসলামাবাদে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র সাজ্জাদ হায়দার এ তথ্য জানান।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন কোনো দেশকে অন্তর্ভুক্ত করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক বর্তমানে এই কাঠামোর অংশ। তিন দেশ বিভিন্ন পর্যায়ে নিয়মিত বৈঠক ও পরামর্শের পাশাপাশি পারস্পরিক যোগাযোগ অব্যাহত রেখেছে।

তবে এই মুহূর্তে চুক্তির পরিধি বাড়ানো কিংবা নতুন কোনো দেশকে এতে যুক্ত করার প্রস্তাব নেই বলে স্পষ্ট করেন তিনি।

সাজ্জাদ হায়দার বলেন, প্রথমে চুক্তির আওতায় থাকা তিন দেশের মধ্যকার সহযোগিতা আরও কার্যকর করা এবং বিদ্যমান সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার দিকে নজর দেওয়া হচ্ছে। ভবিষ্যতে একই ধরনের স্বার্থ, দৃষ্টিভঙ্গি ও নিরাপত্তাগত প্রয়োজন রয়েছে-এমন অন্য দেশগুলোর জন্য জোটে যোগ দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তবে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক পারস্পরিক আলোচনার মাধ্যমে নেবে বলে জানান তিনি।

পাকিস্তানের এই বক্তব্যের ফলে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে নতুন দেশ হিসেবে বাংলাদেশের সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে যে আলোচনা চলছে, তা আপাতত অনিশ্চিত হয়ে পড়ল। কারণ পাকিস্তানের পক্ষ থেকেই জানানো হয়েছে, এই পর্যায়ে জোট সম্প্রসারণ নিয়ে কোনো আলোচনা চলছে না।

মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, বর্তমান তিন সদস্যের সহযোগিতা ও কাঠামো আরও শক্তিশালী করার পরই ভবিষ্যতে নতুন সদস্য নেওয়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে।