...|...|...

বরিশাল

ভোলায় চাঁদাবাজ-টেন্ডারবাজদের স্থান হবে না: তথ্যমন্ত্রী পার্থ

স্টাফ রিপোর্টার, ভোলা
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৩৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩০
Shares
ভোলায় চাঁদাবাজ-টেন্ডারবাজদের স্থান হবে না: তথ্যমন্ত্রী পার্থ

বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি: টাইমস টুডে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ভোলায় কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজের স্থান হবে না। 

বুধবার (২ সেপ্টেম্বর) সরকারি সফরে ভোলায় এসে নতুন বাজারে বিজেপি কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, আমার রক্তে কোনো ধরনের দুর্নীতি নেই এবং আমি কোনো ধরনের দুর্নীতি করব না। যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকবেন, তারা আমার লোক হতে পারবেন না।

ভোলার উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কাজ করার কথা জানিয়ে তিনি জানান, বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনসহ সব রাজনৈতিক দলকে নিয়ে তিনি ভোলার উন্নয়ন করতে চান। নির্বাচনে যারা তার বিপক্ষে ছিলেন, তাদের জন্যও তার দরজা খোলা থাকবে।

ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জানান, সেতু নিয়ে কেউ যেন বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার না করেন। তার বিশ্বাস, ভোলা-বরিশাল সেতু হবে। 

তিনি বলেন, ভোলা-বরিশাল সেতুর জন্য আপনাদের নিয়ে আমরা অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। সেই দাবির পরিপ্রেক্ষিতে এখনো আমি বিশ্বাস করি ভোলা-বরিশাল সেতু হবে।

পার্থ আরও বলেন, স্পিকারসহ অন্যান্য সংসদ সদস্য ভোলা-বরিশাল সেতু নিয়ে কথা বলেছেন। তবে এ বিষয়ে তিনি ‘সবার চেয়ে বেশি’ কথা বলেছেন বলে দাবি করেন।

ভোলার সাথে সড়ক যোগাযোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। স্বল্প সময়ে ঢাকায় যাতায়াতের জন্য সড়ক যোগাযোগের ব্যবস্থা করার উদ্যোগের কথাও জানান।

নিজের বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর প্রসঙ্গ তুলে পার্থ জানান, তার বাবাকে যেভাবে ভোলার মানুষ ভালোবেসেছেন, তাকেও সেভাবে ভালোবাসার আহ্বান জানান তিনি।

পার্থ বলেন, আমাকে কেউ কখনো মন্ত্রী-এমপি বলে সম্বোধন করবেন না। আমি আপনাদের সন্তান। বলবেন, মঞ্জু মিয়ার ছেলে পার্থ।

পথসভায় বিজেপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।