...|...|...

খুলনা

ভেতরে পরীক্ষা দিচ্ছেন মা, বাইরে শিশুকে আগলে রাখলেন নারী পুলিশ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:২৮
Shares
ভেতরে পরীক্ষা দিচ্ছেন মা, বাইরে শিশুকে আগলে রাখলেন নারী পুলিশ

পরীক্ষাকেন্দ্রের বাইরে নবজাতককে আগলে রাখলেন নারী পুলিশ

নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ছোট শিশুকে সাথে নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে এসেছিলেন এক নারী। পরীক্ষা শুরু হওয়ার পর শিশুটিকে কার কাছে রেখে যাবেন- এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান তিনি। ঠিক তখনই এগিয়ে আসেন পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য শিল্পী। মায়ের পরীক্ষা নির্বিঘ্ন করতে নিজের দায়িত্বের পাশাপাশি শিশুটির দেখাশোনার দায়িত্বও নেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা সরকারি কলেজে জেলা প্রশাসনের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা চলাকালে এ মানবিক ঘটনা ঘটে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় পরীক্ষা।

জানা যায়, পরীক্ষার্থী ওই নারী তার ছোট শিশুকে সাথে নিয়ে কেন্দ্রে আসেন। পরীক্ষা শুরু হওয়ার সময় শিশুটিকে দেখাশোনার মতো কেউ না থাকায় তিনি দুশ্চিন্তায় পড়ে যান। বিষয়টি নজরে আসে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য শিল্পীর। পরিস্থিতি বুঝে তিনি শিশুটিকে কোলে তুলে নেন। এরপর পুরো পরীক্ষার সময় শিশুটিকে নিজের কাছে রেখে মাকে নিশ্চিন্তে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেন।

পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত। নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে সাতক্ষীরা সরকারি কলেজে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন তিনি।

পরীক্ষাকেন্দ্রে উপস্থিত স্থানীয়রা জানান, একজন মা যেন সন্তানের চিন্তায় পরীক্ষায় মনোযোগ হারিয়ে না ফেলেন, সে বিষয়টি বিবেচনা করে পুলিশ সদস্য শিল্পীর এগিয়ে আসা ছিল অত্যন্ত মানবিক। দায়িত্ব পালনের পাশাপাশি একজন পরীক্ষার্থী মায়ের পাশে দাঁড়িয়ে শিশুটির দায়িত্ব নেওয়ার ঘটনা উপস্থিত অনেকের নজর কাড়ে। তাঁর এমন সহমর্মিতাপূর্ণ আচরণের প্রশংসা করেন তারা।

তারা আরও বলেন, পুলিশের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোও জনবান্ধব পুলিশের অন্যতম দৃষ্টান্ত। পুলিশ সদস্য শিল্পীর এমন মানবিক আচরণ পুলিশের ইতিবাচক ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।

পুলিশ সদস্য শিল্পী বলেন, পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য আমরা সেখানে গিয়েছিলাম। পরে দেখি, একজন মা তার ছোট সন্তানকে নিয়ে পরীক্ষা দিতে এসেছেন। শিশুটিকে দেখাশোনা করার কেউ ছিল না। তাই পুরো সময় শিশুটিকে আমার কাছে রেখেছি।

একজন মায়ের পরীক্ষার সুযোগ নিশ্চিত করতে একজন পুলিশ সদস্যের এমন স্বতঃস্ফূর্ত সহযোগিতা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত সবার নজর কেড়ে নেয়। দায়িত্বের পাশাপাশি মানবিকতার এই দৃষ্টান্ত প্রশংসা পেয়েছে উপস্থিত পরীক্ষার্থী ও স্বজনদের কাছেও।