...|...|...

সারাদেশ

ভূমধ্যসাগরে ১০ দিন ভেসে থাকার পর দুই বাংলাদেশি উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, দুপুর ২:১৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৯
Shares
ভূমধ্যসাগরে ১০ দিন ভেসে থাকার পর দুই বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগর থেকে উদ্ধার দুই বাংলাদেশি। ছবি: সংগৃহীত

ভূমধ্যসাগরে প্রায় ১০ দিন ভাসমান থাকার পর মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন দুই বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী। বর্তমানে তারা মিশরের মারসা মাতরুহ থানার পুলিশের হেফাজতে রয়েছেন।

উদ্ধার দুই বাংলাদেশি হলেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার সায়মন মিয়া ও ভৈরব উপজেলার মহরম আলী। 

জানা গেছে, গত ৩ আগস্ট মানবপাচারকারীদের সহায়তায় লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে সাগরপথে যাত্রা করেন সায়মন ও মহরমসহ একদল বাংলাদেশি। বিপজ্জনক ওই যাত্রায় তারা দীর্ঘ সময় ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় ছিলেন। প্রায় ১০ দিন পর মিশরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করেন।

উদ্ধারের পর অসুস্থ অবস্থায় তাদের মারসা মাতরুহ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে সায়মন মিয়া ও মহরম আলীকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এদিকে, একই নৌযাত্রায় থাকা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে খাবার ও প্রয়োজনীয় সহায়তার সংকটে ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া মিশরে চিকিৎসাধীন অবস্থায় কিশোরগঞ্জের আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। সায়মন মিয়া ও মহরম আলীর কোনো স্বজন, পরিচিতজন কিংবা তাদের পরিবারের সাথে যোগাযোগের তথ্য জানা থাকলে মিশরে বাংলাদেশ দূতাবাস অথবা সংশ্লিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

অভিবাসনের স্বপ্ন নিয়ে বিপজ্জনক সাগরপথে পা বাড়ানো এসব মানুষের করুণ পরিণতি আবারও মানবপাচারকারীদের চক্র ও অবৈধ পথে বিদেশযাত্রার ভয়াবহ ঝুঁকির বিষয়টি সামনে এনেছে।